“জিৎ খালি বলতেন, আরে খাও খাও”- অভিনেত্রী পূজার বাড়িতে প্রতি মাসে মিষ্টি পাঠাতেন অভিনেতা

বলিউড অভিনেত্রী পূজা চোপড়া এখন ব্যস্ত নতুন ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে। কলকাতার টালিগঞ্জে জন্ম নেওয়া এই অভিনেত্রীর এই শহরের প্রতি রয়েছে গভীর টান। তবে তার জীবনে কলকাতা এনেছে পাওয়া ও না-পাওয়ার মিশ্র অভিজ্ঞতা। মাত্র ২০ দিন বয়সে তার মা তাকে ও তার বোনকে নিয়ে এই শহর ছেড়ে চলে গিয়েছিলেন।

পূজার জীবনের একটি উল্লেখযোগ্য মুহূর্ত এসেছিল ২০০৯ সালে, যখন তিনি মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন। তিনিই প্রথম ভারতীয় যিনি ‘বিউটি উইথ আ পারপাস’ পুরস্কার জিতে ইতিহাস গড়েন। এরপর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। সেই সময় একবার কলকাতায় এসেছিলেন পূজা। আর এবার ফিরেছেন ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা বলেন, “নীরজ স্যারের গল্প বলার ক্ষমতা আমাকে বারবার টানে। তার একের পর এক সুপারহিট সিনেমা দেখেছি। সবসময় এমন গুণী ব্যক্তির সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। এর আগেও তার সঙ্গে কাজ করেছি। তাই একজন অভিনেত্রী হিসেবে আমি গর্বিত।”

কলকাতার প্রতি তার ভালোবাসার কথা উঠে এলে পূজা বলেন, “কলকাতা আমার বরাবরই হৃদয়ের কাছের। এবার এসেও খুব ভালো লাগছে। জানেন, যখন থেকে জিতের সঙ্গে পরিচয়, প্রতি মাসে বাড়িতে একটা করে পার্সেল পৌঁছে যায়। কারণ জিৎ জানেন আমার গোটা পরিবার মিষ্টি কতটা ভালোবাসে। তাই অভিনেতার তরফে এই উপহার।”

হাসতে হাসতে পূজা আরও একটি মজার গল্প শোনান। তিনি বলেন, “একটা সময় জিতকে বলতে বাধ্য হয়েছিলাম, ‘জিৎ, এবার থামো প্লিজ। আর মিষ্টি পাঠিও না।’ কিন্তু জিৎ মিষ্টি খাওয়ানোর এই সুযোগ ছাড়তে নারাজ। ও খালি বলতেন, ‘আরে খাও খাও। আমাদের কলকাতার নলেন গুড়ের মিষ্টি বলে কথা। ভয় নেই, মোটা হবে না।’” জিতের এই মিষ্টি-প্রেম নিয়ে পূজার কথায় হাসির রোল উঠেছে।

কলকাতার সঙ্গে পূজার এই আবেগঘন সম্পর্ক এবং তার ক্যারিয়ারের নতুন অধ্যায় ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ নিয়ে ভক্তরা উচ্ছ্বসিত। এই সিরিজে তার অভিনয় দর্শকদের কতটা মুগ্ধ করবে, তা দেখার অপেক্ষায় সবাই।