ভোজপুরী গানে মোদীকে স্বাগত বাসিন্দাদের!- দুদিনের সফরে কোথায় গেলেন প্রধানমন্ত্রী?

দীর্ঘ ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও সুদৃঢ় করতে দু’দিনের সফরে মরিশাস পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে পোর্ট লুইস বিমানবন্দরে নামার পরই তাঁকে অভ্যর্থনা জানান মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম, মন্ত্রিসভার সদস্যরা ও সেদেশের প্রধান বিচারপতি।

তবে কেবল সরকারি আধিকারিকরাই নয়, সাধারণ মানুষের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ভোজপুরী লোকগান গেয়ে মোদীকে স্বাগত জানান মরিশাসে বসবাসরত প্রবাসী ভারতীয়রা। বিহারের ঐতিহ্যবাহী ‘গীত গাওয়াই’ লোকগান গেয়ে তাঁরা মোদীর আগমনে আনন্দ প্রকাশ করেন। উল্লেখ্য, এই গীতি ২০১৬ সালে ইউনেস্কোর কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ ১২ই মার্চ মরিশাসের ৫৭তম জাতীয় দিবস পালিত হবে। এই বিশেষ অনুষ্ঠানে মরিশাস সরকারের আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করছেন মোদী। মরিশাসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’-এ সম্মানিত করা হয়েছে তাঁকে।

মরিশাস এবং ভারতের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। মরিশাসে প্রায় ৭০% মানুষ ভারতীয় বংশোদ্ভূত, যাঁদের অধিকাংশের পূর্বপুরুষ বিহার, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ থেকে সেখানে গিয়েছিলেন। তাই ভারত ও মরিশাসের মধ্যে একটি গভীর আত্মিক সম্পর্ক বিদ্যমান।

প্রধানমন্ত্রী মোদী সফরের আগেই এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছিলেন। এবার সরাসরি মরিশাসের মাটিতে পা রেখেই প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় যেন আরও একবার তা প্রতিফলিত হল।

এই সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।