নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়া উড়ানে বোমাতঙ্ক, মাঝ আকাশ থেকেই দেশে ফিরতে বাধ্য হলো ফ্লাইট

মুম্বই থেকে নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার এআই১১৯ উড়ানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল। একটি ফোন কলের মাধ্যমে বিমানটিকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর জেরে মাঝ আকাশ থেকেই দেশে ফিরতে বাধ্য হয় ফ্লাইটটি। সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে মুম্বই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি।

ফ্লাইট অবতরণের পর নিরাপত্তা সংস্থাগুলি বিমানটিতে তল্লাশি চালায়। পরে জানা যায়, হুমকির ফোনটি ভুয়ো ছিল। যদিও ততক্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যাত্রীদের মধ্যে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ১১ মার্চ ভোর ৫টায় ফের ওই উড়ান রওনা দেবে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের উদ্দেশে। যাত্রীদের জন্য হোটেলে থাকার এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে।

বিগত কয়েক মাসে ভারতের বেশ কয়েকটি বিমান সংস্থার উড়ান এমন ভুয়ো হুমকির শিকার হয়েছে। বোমাতঙ্কের জেরে বিমান সংস্থাগুলির কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে।

এই সমস্যা সমাধানে এবার দিল্লি, কলকাতা ও মুম্বই বিমানবন্দরে ‘বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকবেন সিআইএসএফ, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। এখন থেকে কোনও বোমাতঙ্কের হুমকি এলে এই কমিটি তা তদন্ত করবে।

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, একটি উড়ানে বোমাতঙ্কের জেরে ৩ থেকে ২০ কোটি টাকা পর্যন্ত ক্ষতি হতে পারে।হুমকি এলেই বিমান ‘ফুয়েল ডাম্প’ করে, যাতে বিপদ এড়ানো যায়।জরুরি অবতরণের জন্য পথ বদল করতে হয়।যাত্রীদের থাকার ও খাবারের ব্যবস্থাও করতে হয়।এত কিছুর পরও বারবার ভুয়ো হুমকির ঘটনা চিন্তায় ফেলছে বিমান সংস্থাগুলিকে। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি এখন কড়া পদক্ষেপের দাবি তুলছেন বিশেষজ্ঞরা।