বাংলাদেশ ঘুরে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, কোচবিহারে গ্রেফতার হলেন ২ রোহিঙ্গা অনুপ্রবেশকারী

মোটা টাকা ঘুষ দিয়ে সীমান্ত পার করে মাত্র কয়েক পা এগোতেই পুলিশের হাতে ধরা পড়লেন দুই অনুপ্রবেশকারী। ধৃতদের নাম রিজওয়ান (২৪) এবং ফরমিনা আখতার (২৭)। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা সীমান্তের ধাপড়া বাজার এলাকায়। পুলিশ ধৃতদের আদালতে পেশ করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতরা সম্ভবত রোহিঙ্গা সম্প্রদায়ের।
পুলিশ সূত্রে খবর, রিজওয়ান এবং ফরমিনা মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। কয়েক বছর আগে তারা বাংলাদেশের কক্সবাজারে অনুপ্রবেশ করেছিলেন। সম্প্রতি নেপালে যাওয়ার উদ্দেশ্যে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের পরিকল্পনা করেন। ধাপড়া বাজার এলাকায় এক পুরুষ ও এক মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারের পর রিজওয়ান পুলিশকে জানায়, মায়ানমারে থাকার সময় সে গুলিবিদ্ধ হয়েছিল। সম্প্রতি তাঁরা বাংলাদেশ থেকে নেপালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। এজন্য তারা এক দালালকে ৪০ হাজার বাংলাদেশি টাকা ঘুষ দিয়ে সীমান্ত পার করার ব্যবস্থা করেছিলেন। কিন্তু সীমান্ত পার হতেই তারা পুলিশের জালে ধরা পড়ে যান।
মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, “বেআইনি অনুপ্রবেশের অভিযোগে এক পুরুষ ও এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তারা মায়ানমারের নাগরিক। ধৃতদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশকারী আইনে মামলা দায়ের করা হয়েছে।” তিনি আরও বলেন, তদন্তে এটি স্পষ্ট হয়েছে যে ধৃতরা ভারতের মাটি ব্যবহার করে নেপালে পৌঁছানোর পরিকল্পনা করেছিল।
ধৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তাদের চূড়ান্ত গন্তব্য ছিল নেপালে আত্মীয়ের বাড়ি। বর্তমানে পুলিশ তাঁদের আদালতে পেশ করেছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।