BoxOffice: এখন পর্যন্ত কত আয় করেছে ভিকি-রাশমিকার ‘ছাবা’, জেনেনিন কালেকশন?

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত সিনেমা ‘ছাবা’। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনীভিত্তিক এই সিনেমা ইতিমধ্যে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ২৩তম দিনে এসে নতুন করে সাফল্যের শিখর ছুঁয়েছে এই চলচ্চিত্র।

গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘ছাবা’ শুরু থেকেই দর্শকদের মনে আলোড়ন সৃষ্টি করেছে। সম্ভাজি মহারাজের জীবন নিয়ে নির্মিত এই সিনেমা নিয়ে মুক্তির আগে বেশ কিছু বিতর্কও তৈরি হয়েছিল। তবে এসব বিতর্ক বক্স অফিসে এর ব্যবসার ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। ২৩তম দিনে সিনেমাটি আয় করেছে ১৬.৫ কোটি, যার ফলে এটি ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে। এখন পর্যন্ত ‘ছাবা’র মোট আয় দাঁড়িয়েছে ৫০৮.৮ কোটি , ।

বক্স অফিসের হিসাব অনুযায়ী, প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করেছে ২১৯.২৫ কোটি। দ্বিতীয় সপ্তাহে তা কিছুটা কমে দাঁড়ায় ১৮০.২৫ কোটিতে। তৃতীয় সপ্তাহে আয় হয়েছে ৮৪.০৫ কোটি। এই ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে ‘ছাবা’ দর্শকদের অব্যাহত আগ্রহের প্রমাণ দিচ্ছে।

নির্মাতা লক্ষ্মণ উতেকার এবং অভিনেতা ভিকি কৌশলের কেরিয়ারে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা সিনেমা। শুধু তাই নয়, ‘ছাবা’ একাধিক রেকর্ড ভাঙার পথে রয়েছে। হিসাব বলছে, সিনেমাটি শীঘ্রই সালমান খানের ‘সুলতান’র বক্স অফিস রেকর্ড অতিক্রম করবে। ‘সুলতান’র মোট আয় ছিল ৬১৪ কোটি। এছাড়া আমির খানের সফল সিনেমা ‘দঙ্গল’কেও পিছনে ফেলে এগিয়ে চলেছে ‘ছাবা’। ‘দঙ্গল’র বক্স অফিস সংগ্রহ ছিল ৪১২.২৮ কোটি।

‘ছাবা’র এই অভূতপূর্ব সাফল্য ভারতীয় চলচ্চিত্রের জন্য একটি নতুন মাইলফলক। সম্ভাজি মহারাজের বীরত্ব ও জীবনের গল্পকে পর্দায় ফুটিয়ে তোলা এই সিনেমা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। বক্স অফিসে এর এই দাপট দেখে মনে করা হচ্ছে, আগামী দিনে আরও বড় রেকর্ড গড়তে পারে ‘ছাবা’।