হলো না শেষ রক্ষা, নাগরিকত্ব হারালো ললিত মোদী! ভারতকে আর ‘ফাঁকি’ দিতে পারবেন না তিনি

সাতসকালে বড় ধাক্কা খেলেন আইপিএল আর্থিক তছরুপ মামলায় জড়িত ললিত মোদী। ২০১০ সাল থেকেই দেশছাড়া তিনি, বসবাস করছিলেন লন্ডনে। সম্প্রতি, ভানুয়াটুর নাগরিকত্ব পেয়ে সেখানে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

সোমবার দ্বীপরাষ্ট্র ভানুয়াটুর প্রধানমন্ত্রী জোথাম নাপাত নিজেই নাগরিকত্ব কমিশনকে নির্দেশ দিয়েছেন, ললিত মোদীর নাগরিকত্ব বাতিল করতে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ললিত মোদীর বিরুদ্ধে কোনো সরাসরি অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায়নি, তবে ইন্টারপোলের সতর্কবার্তার ভিত্তিতেই তাঁর নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভানুয়াটুর প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “যথাযথ কারণ ছাড়া কেউ আমাদের দেশের নাগরিকত্ব পেতে পারে না। যদি কেউ প্রত্যর্পণ এড়ানোর জন্য ভানুয়াটুর শরণাপন্ন হয়, তবে তাকে কোনোভাবেই সমর্থন করা হবে না।”

২০১০ সাল থেকে দেশছাড়া ললিত মোদী। আইপিএল আর্থিক তছরুপ মামলার মূল অভিযুক্ত হিসেবে ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে ফেরানোর প্রচেষ্টা চলছে। সাম্প্রতিক সময়ে, মুম্বাই হামলার মূল চক্রী তাহাউর রানাকে আমেরিকা থেকে ভারতের হাতে তুলে দেওয়ার উদ্যোগের পরিপ্রেক্ষিতে, ললিত মোদীও আগেভাগে নিজের রক্ষা-কবচ তৈরির চেষ্টা করছিলেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

কিন্তু এত কিছুর পরেও শেষরক্ষা হলো না। নাগরিকত্বের আবেদন বাতিল হওয়ায়, আপাতত ভারতের পাসপোর্টই তাঁর একমাত্র ভরসা। দু’দিনের মধ্যেই ললিত মোদীর পরিকল্পনায় বড় ধাক্কা এল, আর তাঁর প্রত্যর্পণের আশঙ্কা আরও ঘনীভূত হলো।