যাদবপুরে ব্রাত্য বসুর নিরাপত্তা বাড়াল নবান্ন! দেওয়া হল জেড ক্যাটাগরির নিরাপত্তা

ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার (WBCUPA) সময় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশের সঙ্গে সঙ্গে বাম ছাত্র সংগঠনগুলো তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু করে এবং স্লোগান দেয়। এরপরই নবান্ন সিদ্ধান্ত নেয় শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়ানোর।

ব্রাত্য বসুকে দেওয়া হলো জেড ক্যাটাগরি নিরাপত্তা

যাদবপুরের ছাত্র বিক্ষোভে একাধিক ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, শিক্ষামন্ত্রীসহ একাধিক অধ্যাপককে হেনস্তা করা হয়েছিল। ওয়েব কুপার একটি সাংবাদিক বৈঠকে দাবি করেছে, মন্ত্রীর গাড়িতে পরিকল্পনামাফিক হামলা হয়েছিল।

শিক্ষামন্ত্রী যাদবপুরে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। সভাস্থলে প্রবেশের সময় বিক্ষোভকারীরা মন্ত্রীর গাড়ি ঘিরে ব্যাপক স্লোগান দেয় এবং গাড়ির কাঁচ ভেঙে দেয়, এমনকি গাড়িতে “চোর” লিখে দেয়।

এদিন ছাত্রদের হামলায় শিক্ষামন্ত্রীও আহত হন বলে অভিযোগ। ওয়েব কুপা এক সাংবাদিক বৈঠকে দাবি করেছে, সভায় উপস্থিত ব্যক্তিদের বিরুদ্ধে তৃণমূলের গুন্ডাবাহিনী আক্রমণ করেছে বলে রটানো হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে অনুষ্ঠানটি ছিল অধ্যাপকদের নিয়ে।

এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের ঘটনাটি আদালত পর্যন্ত গড়িয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং ওই বিক্ষোভের মাঝে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়েছিলেন এক ছাত্র, যার বিরুদ্ধে পুলিশ তিনটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। এবারের ঘটনায় মোট ৪৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।