বিমানবন্দরে ধরা পড়লেন কন্নড় অভিনেত্রী রান্যা রাও, বিপুল পরিমাণ সোনা উদ্ধার!

দক্ষিণ ভারতের কন্নড় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রান্যা রাও এবার সংবাদের শিরোনামে। তবে কোনও সিনেমা বা ফ্যাশন শো নয়, বরং এক গুরুতর অভিযোগে—সোনা পাচারের মামলায় গ্রেফতার হলেন তিনি। সোমবার বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের হাতে আটক হন এই অভিনেত্রী।

রান্যার কাছ থেকে প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৪.৮ কোটি টাকা। সূত্রের খবর, তিনি সোনার হার নিজের পোশাকের মধ্যে লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন। সম্প্রতি মাত্র ১৫ দিনের ব্যবধানে চারবার দুবাই সফর করেছিলেন রান্যা, যা কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়।

খবর অনুযায়ী, বিমানবন্দরে চেকিংয়ের সময় তিনি নিজেকে কর্ণাটকের পুলিশ মহাপরিচালকের মেয়ে বলে দাবি করেন এবং স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত কোনও কৌশলই কাজ দেয়নি, বেঙ্গালুরু বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করা হয়।

এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর গ্রেফতারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ দুঃখপ্রকাশ করেছেন, কেউ আবার মনে করছেন, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

রান্যা রাও কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ। তিনি সুপারস্টার কিচ্চা সুদীপের সঙ্গে অভিনয় করেছেন, যার ফলে তাঁর জনপ্রিয়তাও অনেক বেশি। তবে এত খ্যাতি থাকা সত্ত্বেও তিনি কেন এমন কাজে যুক্ত হলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর ভক্তরাও। অনেকের অনুমান, বেশ কিছুদিন ধরেই তিনি সোনা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন এবং দুবাই থেকে বেঙ্গালুরুতে এই বেআইনি কার্যকলাপ চালাচ্ছিলেন।