১০ বছর আগের দুঃস্বপ্ন ভুলতে প্রস্তুত! নিউজিল্যান্ডের বিরুদ্ধে বদলার মিশনে বাভুমারা

২০১৫ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। সেই ম্যাচে ডেল স্টেনের বলে লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে কিউয়িদের ফাইনালে তুলেছিলেন গ্রান্ট এলিয়ট। হতাশায় ভেঙে পড়েছিলেন এবি ডি ভিলিয়ার্স, মর্নি মর্কেল ও ফাফ ডু প্লেসিরা। সেই দুঃখের পর কেটে গিয়েছে ১০ বছর। এবার ফের একবার আইসিসি ইভেন্টের সেমিফাইনালে একে অপরের মুখোমুখি দুই দল। ২০১৫-র সেই ম্যাচে খেলা তিনজন ক্রিকেটার এবারও দলে রয়েছেন—নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ম্যাট হেনরি এবং দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।
এক দশকের ব্যবধানে এবার প্রথমবার কোনো আইসিসি নকআউট ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। দক্ষিণ আফ্রিকার জন্য এটি প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। শেষ লিগ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ বি-তে শীর্ষ স্থান দখল করে শেষ চারে পৌঁছেছে তেম্বা বাভুমার দল।
দক্ষিণ আফ্রিকা তাদের শেষ দুটি ম্যাচে জয়ের ধারা বজায় রেখেছে। আফগানিস্তানের বিরুদ্ধে ১০৭ রানের বিশাল জয় পেয়েছিল তারা, আর ইংল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করেছিল। অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের শেষ লিগ ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়েছিল।
এই ম্যাচে দুই দলের পার্থক্য গড়ে দিতে পারে নিউজিল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণ। মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, রুরকি ও মাইকেল ব্রেসওয়েল গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত বোলিং করেছেন। এই তিনজনই সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় প্রথম দশে রয়েছেন। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার পক্ষে একমাত্র উইয়ান মুলডার এই তালিকায় আছেন। কেশব মহারাজ যদিও কম রান দিয়েছেন, তবে তিনি খুব বেশি উইকেট নিতে পারেননি।
দক্ষিণ আফ্রিকা শিবিরে এইডেন মারক্রামের চোট নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল, তবে সেমিফাইনালের আগে তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন বলে শোনা যাচ্ছে। নিউজিল্যান্ড দলে প্রথম একাদশে জায়গা পাওয়ার লড়াই চলছে জেমিসন ও নাথান স্মিথের মধ্যে। ব্যাটিংয়ে বাড়তি দক্ষতার কারণে স্মিথের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।
এদিকে, ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে তারা ২৬৪ রান সংগ্রহ করেছিল। জবাবে ভারতীয় ইনিংসে বিরাট কোহলি ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয় এনে দেন। ৬ উইকেট হারালেও ভারত স্বস্তির জয় তুলে নেয়।