দু-হাতে চায়ের কাপ ধরা, চোখ বন্ধ, মিমির ছবিতে কুণালের রহস্যময় বার্তা!

একজন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ, অন্যজন তৃণমূলের রাজ্য সম্পাদক। কয়েকদিন আগে ফিনল্যান্ড থেকে একটি ছবি পোস্ট করেছিলেন মিমি চক্রবর্তী— হাতে চায়ের কাপ, চোখ বন্ধ, শীতের মাঝে উষ্ণতার ছোঁয়া। রবিবার সেই ছবিই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কুণাল ঘোষ, মিমির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে।
কুণাল লিখলেন, “পর্দায় মিমিকে দারুণ লাগে, তার উপর আমি চা-ভক্ত। তাই ফিনল্যান্ডের এই চা-তৃপ্তির মুহূর্ত মুগ্ধ করল। অসাধারণ অভিনেত্রী, ‘রক্তবীজ’-এর সংযুক্তা থেকে ‘যোদ্ধা’র রাজকুমারী—সব লুকেই নজরকাড়া। যদিও আমাদের আলাপ নেই, তবুও রবিবাসরীয় সকালে এই ছবিটি শেয়ার করলাম।”
মিমি ২০১৯ সালে তৃণমূলের টিকিটে যাদবপুর থেকে সাংসদ হয়েছিলেন, তবে এবার আর ভোটে লড়তে চান না বলে আগেই জানিয়েছেন। একসময় দলের একাংশের বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি। সেই সময় কুণাল বলেছিলেন, ইস্তফা দেওয়া ব্যক্তিগত বিষয়, নেত্রীই সিদ্ধান্ত নেবেন।
এবার হঠাৎ দলের প্রাক্তন সাংসদের ছবি দিয়ে প্রশংসায় মাতলেন কুণাল! রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা—এ কি নিছকই অভিনেত্রী মিমির প্রশংসা, নাকি এর পিছনে অন্য কোনও বার্তা লুকিয়ে আছে?