নন্দীগ্রামে আবার গেরুয়া ঝড়, ১২ আসনেই বিজেপির দুরন্ত জয়!

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে বিজেপির দাপট অব্যাহত। দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২টি আসনের সবকটিতেই জয়ী হল বিজেপি।
রবিবার নন্দীগ্রাম-১ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় সমবায় সমিতির নির্বাচন। মোট ১২টি আসনের জন্য বিজেপি ও তৃণমূল প্রার্থী দিয়েছিল, বামেরা লড়াই করেছিল মাত্র ৪টি আসনে। কিন্তু শেষ পর্যন্ত গেরুয়া শিবিরই জয়ী হয় সবকটি আসনে।
এদিন ৭৯৯ জন ভোটারের মধ্যে ৬৩৯ জন ভোট দেন। কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ পর্ব মিটলেও, ফলাফল ঘোষণার পর বিজেপি কর্মীরা গেরুয়া আবির উড়িয়ে বিজয় উৎসব পালন করে। এলাকায় উত্তেজনা এড়াতে মোতায়েন করা হয় পুলিশ।
জয়ের পর বিজেপি নেতা মেঘনাথ পাল একে শুভেন্দু অধিকারীর উন্নয়নের জয় বলে ব্যাখ্যা করেন। তবে তৃণমূলের দাবি, বিজেপি সমর্থকরা ভোটারদের ভয় দেখিয়ে জিতেছে। সিপিএম নেতা মহাদেব ভুঁইয়া আবার বিজেপি ও তৃণমূলের মধ্যে গোপন আঁতাতের অভিযোগ তোলেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর এই নির্বাচন হওয়ার কথা থাকলেও, নন্দীগ্রামের অশান্ত পরিস্থিতির কারণে তা স্থগিত রাখা হয়েছিল। রবিবার সেই নির্বাচনেই বিজেপির নিরঙ্কুশ জয় এল।