ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন KKR তারকা! আইপিএলে পাওয়া যাবে তো? উঠছে প্রশ্ন

কিছুদিন আগেই অ্যালেক্স হেলস বিদেশি লিগে অংশ নেওয়ার জন্য ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার একই পথে হাঁটতে চলেছেন মইন আলি। ইএসপিএন-ক্রিকইনফোর খবর অনুযায়ী, মইন আলি টি-২০ ব্লাস্টের পর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন। তিনি ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ খেলবেন না।

এই বছর আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ২ কোটি টাকায় মইন আলিকে কিনেছে। মইন আলি ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিলে কেকেআরের হয়ে আইপিএলে খেলা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মইন আলি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন নিয়ম অনুযায়ী, ঘরোয়া ক্রিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলে একই সময়ে অন্য বিদেশি লিগে অংশ নেওয়া যায় না। সেই কারণেই মইন আলি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ওয়ারউইকশায়ারের সঙ্গে মইন আলির তিন বছরের চুক্তির শেষ বছর এটি। এই মরসুমে তিনি খেলোয়াড় থেকে কোচ হওয়ার পথেও পা বাড়াতে পারেন। বার্মিংহ্যাম বেয়ার্সের খেলোয়াড়-কোচের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। মইন আলি ‘দ্য হান্ড্রেড’-এ খেলবেন না, এটা নিশ্চিত। তবে বেয়ার্স নক-আউটে উঠলে তিনি খেলবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

কেকেআর সমর্থকদের চিন্তার কিছু নেই। মইন আলি হয়তো কেরিয়ারের শেষ দিকে বিদেশি লিগকে প্রাধান্য দিতেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই আইপিএলে তাঁর খেলা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। মইন আলির মতো ক্রিকেটারকে কম দামে দলে পেয়ে কেকেআর লাভবান হয়েছে। তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন।