অবাক কান্ড! ভারতের জয়ের সম্ভাবনা দেখেই তড়িঘড়ি রোহিতদের জার্সি পড়লেন পাক সমর্থক, ভাইরাল ভিডিও

পাকিস্তান মানেই বিরাট কোহলির অতিরিক্ত অনুপ্রেরণা! সেটা মেলবোর্ন হোক বা দুবাই, যখনই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়, তখনই বিরাটের ব্যাট যেন নতুন করে প্রাণ পায়। দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগের ম্যাচেও সেই একই চিত্র ধরা পড়ল। রোববার একাই ভারতকে ৬ উইকেটে জয় এনে দিলেন কোহলি, সঙ্গে তুলে নিলেন এক অসাধারণ অপরাজিত সেঞ্চুরি।

তবে ভারতের কাছে হারার দুঃখ ভুলে অনেক পাক সমর্থক উচ্ছ্বাস দেখালেন কোহলির ব্যাটিংয়ে! এমনকি এক পাকিস্তানি ফ্যান তো নিজের দেশের সবুজ জার্সির উপরই ভারতীয় দলের জার্সি পরে ফেললেন!

দুবাই স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের সমর্থকেরা পাশাপাশি বসে খেলা দেখছিলেন। তখনই এক পাকিস্তানি সমর্থক নিজের দেশের জার্সির উপর ভারতীয় দলের জার্সি গলিয়ে নেন! উপস্থিত দর্শকরা হতবাক হয়ে যান এই ঘটনা দেখে। কেউ মজা পেয়েছেন, কেউ হেসে গড়িয়েছেন, কেউ আবার হাততালিও দিয়েছেন।

এটাই প্রমাণ করে, ক্রিকেট শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ভালোবাসারও ভাষা! কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য পাকিস্তানের মধ্যেও রয়েছে অসংখ্য ভক্ত, যাঁরা দেশের হার ভুলে নায়কের সাফল্যে আনন্দে মেতে উঠলেন।

পাকিস্তানের বিভিন্ন জায়গায় বড় পর্দায় ম্যাচ দেখানো হয়েছিল। ম্যাচ চলাকালীন এবং বিশেষ করে কোহলি যখন বাউন্ডারি মেরে শতরান পূর্ণ করলেন, তখন পাকিস্তানেও উচ্ছ্বাসে ফেটে পড়েন অনেকে। ইসলামাবাদসহ বহু জায়গায় দেখা গেল, কিছু পাকিস্তানি ক্রিকেটপ্রেমী কোহলির নামে জয়ধ্বনি দিচ্ছেন, আনন্দ করছেন, এমনকি নাচতেও দেখা গেছে!