ট্য়াংরার ঘটনা এবার বীরভূমে, বাড়িতে নেই স্বামী, উদ্ধার স্ত্রী-সহ দুই সন্তানের মৃত দেহ

বীরভূমের মহম্মদবাজারের ম্যানেজার পাড়া গ্রামে মা ও দুই শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে স্থানীয়রা লক্ষ্মী মাডডি ও তাঁর দুই সন্তানের রক্তাক্ত দেহ বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মহম্মদবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের হত্যা করা হয়েছে। তবে হত্যাকারী কে বা কারা, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

লক্ষ্মীর স্বামী লালু মাডডি কাজের সূত্রে প্রায়শই বাড়ির বাইরে থাকেন, ফলে সন্তানদের দেখাশোনার দায়িত্ব ছিল লক্ষ্মীর ওপর। শুক্রবার সকালে প্রতিবেশীরা তাঁদের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তবে পুলিশ দেহগুলি নিয়ে যেতে গেলে স্থানীয়রা বাধা দেন এবং পুলিশ কুকুর এনে তদন্তের দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি বীরভূমের মহম্মদবাজারে পাথর দিয়ে থেঁতলে খুনের ঘটনা ঘটেছে, যা ‘স্টোনম্যান’ আতঙ্ক ছড়িয়েছে। এছাড়া, পঞ্চায়েত ভোটের আগে নির্দল প্রার্থীর স্বামীর খুনের অভিযোগও উঠেছে। এই পরিপ্রেক্ষিতে মা ও দুই শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।