শাহরুখ খানের ‘মন্নত’-এ চুরির হদিশ! ছিঁচকে চোরকে ধরতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

বাড়ি ফাঁকা দেখলেই সুযোগ বুঝে ঢুকে পড়ত। চোখের নিমেষে গোটা বাড়ি সাফ করে দিত। সোনা-দানা, টাকা-পয়সা—কোথায় কী লুকোনো আছে, তন্নতন্ন করে খুঁজে বের করত। এমনই এক দুঁদে চোরকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। আর তাকে জেরা করতেই সামনে এসেছে বলিউড বাদশা শাহরুখ খানের নাম!
গুজরাটের ভারুচে এক সেনাকর্মীর বাড়ি থেকে ২.৭৪ লক্ষ টাকার সোনা ও রুপোর জিনিস চুরির ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। এই চুরির জের ধরেই গ্রেফতার হয় ২১ বছর বয়সী রাম স্বরূপ কুশওয়াহা। তার সঙ্গী মিনহাজ সিন্ধাকেও হাতেনাতে ধরে ফেলে পুলিশ। জেরায় তারা যা জানিয়েছে, তাতে পুলিশেরও চোখ কপালে উঠেছে।
জানা গেছে, এই দুই যুবক শুধু ছোটখাটো চোর নয়, তাদের ‘কীর্তি’ বলিউডের দুনিয়া পর্যন্ত পৌঁছেছে। ২০২৩ সালে শাহরুখ খানের বিখ্যাত বাড়ি ‘মন্নত’-এ নিরাপত্তা ফাঁকি দিয়ে ঢুকে পড়েছিল রাম স্বরূপ। তার সঙ্গে ছিল আরও এক সহযোগী। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেও শেষরক্ষা হয়নি। ‘মন্নত’-এর নিরাপত্তারক্ষীরা তাদের ধরে ফেলে এবং পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই দুই যুবক চুরির কাজে বেশ পারদর্শী। শুধু ভারুচে তাদের বিরুদ্ধে তিনটি চুরির মামলা রয়েছে। এছাড়া অন্য কোনও জেলায় বা রাজ্যে তারা একই কায়দায় চুরি করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জেরা করে তাদের অপরাধের জাল আরও বিস্তৃত কিনা, সেটাও জানার চেষ্টা চলছে।
এই ঘটনায় শাহরুখ খানের বাড়ির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। একদিকে যেমন ছিঁচকে চোরের সাহস দেখে সকলে হতবাক, তেমনই পুলিশের তৎপরতায় সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরেছে। তবে এই দুই যুবকের অপরাধের পুরো পরিধি জানতে তদন্ত আরও গভীর করছে গুজরাট পুলিশ।