“OTT ছিল সোনার ডিমের মতো তবে… ?”- আরও অনেক কিছু করার প্রয়োজন জানালেন কিরণ রাও

বলিউডের প্রতিভাবান পরিচালক কিরণ রাও তাঁর অনবদ্য সিনেমা, ‘লাপাতা লেডিজ’ এবং ‘ধোবি ঘাট’-এর মাধ্যমে দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছেন। সম্প্রতি তিনি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমা ও সিরিজ প্রসঙ্গে তাঁর মতামত প্রকাশ করেছেন। ডিজিটাল মাধ্যমের জনপ্রিয়তা বাড়লেও, এই বিষয়ে কিছুটা ভিন্ন মত পোষণ করেন কিরণ।
স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আয়োজিত ইন্ডিয়ান স্ক্রিন রাইটার্স কনফারেন্সে কিরণ রাও বলেন, ‘ভারতের ওটিটি প্ল্যাটফর্মে আমরা যা দেখি আর বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত সিনেমায় যা দেখি, তার মধ্যে খুব একটা পার্থক্য নেই।’ তাঁর মতে, বিশ্ব পরিবর্তনের যে প্রতিশ্রুতি ওটিটি প্ল্যাটফর্ম দিয়েছিল, তা পুরোপুরি পূরণ হয়নি। তিনি মনে করেন, সাময়িক কিছু পরিবর্তন হয়েছে, তবে সেটি সত্যিকারের বিবর্তন নয়।
কিরণ রাও আরও বলেন, ‘এক দশকেরও কিছুটা বেশি সময় আগে ভারতে ওটিটি যখন শুরু হয়েছিল, তখন নির্মাতারা অনেক বেশি স্বাধীন এবং সৃজনশীল ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় প্রাধান্য পেতে শুরু করেছে। তখন ওটিটি ছিল সোনার ডিমের মতো। সবাই যা স্বপ্ন দেখেছিল, তা হয়ত করতে পেরেছিল।’
ওটিটি প্ল্যাটফর্মের ভবিষ্যৎ প্রসঙ্গে কিরণ বলেন, ‘এই মাধ্যমে এখনও অনেক প্রতিশ্রুতি রয়েছে। অনেক গল্প বলার বাকি আছে। তবে কতজন সেই সুযোগ কাজে লাগাতে পারছে, তা বলা কঠিন। ওটিটিরও একটা স্বর্ণযুগ ছিল, কিন্তু এরপর কী হবে, তা নিয়ে আমি নিশ্চিত নই। ভারতে ওটিটি নিয়ে আরও অনেক কিছু করার প্রয়োজন আছে।’
কিরণের এই মন্তব্য বর্তমানে ওটিটি কনটেন্টের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। তাঁর বক্তব্যে স্পষ্ট যে, তিনি চান ওটিটি মাধ্যম আরও উন্নত হোক এবং নতুন ধরনের গল্প বলার সুযোগ বৃদ্ধি পাক।