“২ লক্ষ ১ হাজার টাকার চেক”- কল্যাণী বিস্ফোরণে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বিজেপির!

কল্যাণী শহরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার NIA (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ ১ হাজার টাকার চেক তুলে দেন এবং একই সঙ্গে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল পুলিশকে শাস্তি দেওয়া এবং তদন্তে নিরপেক্ষতা নিশ্চিত করা।

এদিন ঘটনাস্থলে পৌঁছে শুভেন্দু অধিকারী বলেন, “চারিদিকে পাকা বাড়ি রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত। ঈশ্বরকে ধন্যবাদ জানাব, তবে চারটি প্রাণ গেছে, আর একজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। কল্যাণী পুরসভা, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। যদি পুলিশ নিরপেক্ষ তদন্ত না করে, তাহলে আমরা নিরপেক্ষ এজেন্সির হাতে তদন্তভার দেওয়ার দাবি জানাচ্ছি। দরকারে আইনি লড়াই করব।”

শুভেন্দু অধিকারী আরও বলেন, “রাজ্য সরকার ১৪ বছর ধরে ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ার নিয়োগের গল্প তৈরি করেছিল, কিন্তু তার ফল কী? এখন এর প্রভাব এখানে স্পষ্ট।”

তিনি বলেন, “আজ বিজেপি মৃতদের পরিবারকে ২ লক্ষ ১ হাজার টাকা দিয়ে বুঝিয়ে দেবে যে জীবনের দাম টাকায় পরিমাপ করা যায় না। যদি এক লোক ভেজাল মদ খেয়ে মারা যায়, তখন ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু এখানে আপনার পুলিশ, আপনার দল এবং পুরসভার অবহেলা ও দায়িত্বহীনতার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। আপনার উচিত ছিল অন্তত ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া এবং পৌরসভার চেয়ারম্যান ও পুলিশকে শাস্তি দেওয়া। কিন্তু আপনি তা না করে ২ লক্ষ টাকার চেক দিয়েছেন।”

এ বিষয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য রাজ্য সরকারের বিরুদ্ধে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং এই বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে।