আজ শুরু মাধ্যমিক, জেনেনিন কী কী ভুলে খাতা বাতিল হতে পারে? দেখেনিন হেল্পলাইন নম্বরও

এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য এক নতুন কড়া নিয়ম ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। কোনো পরীক্ষার্থী যদি মোবাইল বা অন্য কোনো স্মার্ট গ্যাজেট পরীক্ষা কেন্দ্রের মধ্যে নিয়ে আসে, তবে তার পরীক্ষা বাতিল হবে। এ ছাড়া প্রশ্নফাঁস এবং টোকাটুকি রোধে এবার আরও বেশি নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজ এক সংবাদ সম্মেলনে এই নতুন বিধিনিষেধের কথা জানিয়েছেন। তিনি বলেন, “পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে স্মার্ট গ্যাজেটের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির অপব্যবহার রোধ করতে বিশেষ নজরদারি থাকবে।”
টয়লেটেও নজরদারি
অভিযোগ রয়েছে, পরীক্ষার সময় অনেকেই টয়লেটে স্মার্ট গ্যাজেট নিয়ে ঢুকে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করে। তাই এবার পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও বিশেষ নজর রাখা হবে, যাতে পরীক্ষার্থীরা গ্যাজেট লুকিয়ে রাখতে না পারে।
অভিভাবকদের প্রবেশ নিষেধ
এছাড়া, পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোনো পরীক্ষার্থীর অভিভাবককে ঢুকতে দেওয়া হবে না। এই পদক্ষেপও পরীক্ষা সুষ্ঠু এবং নিরাপদ করার লক্ষ্যে নেওয়া হয়েছে।
পরীক্ষার সংখ্যা ও কেন্দ্র
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় মোট ৯,৮৪,৭৫৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন, যার মধ্যে ৪,২৮,৮০৩ জন ছাত্র এবং ৫,৫৫,৯৫০ জন ছাত্রী। মোট ২,৬৮৩টি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে রাজ্য জুড়ে।
নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আরও কয়েকটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ বাস পরিষেবা চালু থাকবে এবং কোনো অনিয়মের ঘটনা ঘটলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।
হেল্পলাইন নম্বর
পরীক্ষার্থীদের কোনো সমস্যা হলে কেন্দ্রীয় বা আঞ্চলিক হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এই নম্বরগুলি পরীক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ।
সেন্ট্রাল কন্ট্রোল রুম:
033-2321 3813
033-2359 2277
033-2337 2282
আঞ্চলিক অফিস নম্বর:
কলকাতা: 033-2321 3811
বর্ধমান: 034-2266-2377
মেদিনীপুর: 03222-275524
উত্তরবঙ্গ: 035-3299-9677 / 8240756371
রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “পরীক্ষার সুষ্ঠু, নিরপেক্ষ এবং নিষ্ঠার সাথে সম্পন্ন হওয়ার জন্য এই পদক্ষেপগুলি অত্যন্ত জরুরি।”
এবারের মাধ্যমিক পরীক্ষায় যদি কোনও পরীক্ষার্থী কোনও নিয়ম ভাঙেন, তবে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে এবং পরীক্ষার ফল বাতিল করা হবে।