OMG! সরস্বতী পুজোর দিন থেকে নিখোঁজ ১২ জন স্কুল পড়ুয়া, অবশেষে উদ্ধার করলো পুলিশ

সরস্বতী পুজোর দিন ঘুরতে বেরিয়ে ১২ জন স্কুল পড়ুয়া নিখোঁজ হয়ে গিয়েছিল, যাদের প্রত্যেকের বয়স ১৮ বছরের নিচে। তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না, তবে পুলিশের তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে সকলকে উদ্ধার করা হয়।

বেলদা থানায় আলাদা করে অভিযোগ দায়ের না হলেও, সূত্র মারফত নিখোঁজ থাকার খবর পৌঁছায় পুলিশে। ১২ জন পড়ুয়া, যাদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে এবং সপ্তম থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রী, সরস্বতী পুজোর দিন থেকে নিখোঁজ ছিল। সোমবার রাতে বিষয়টি বেলদা থানার পুলিশ জানায় এবং তদন্তে নামে। ১২ জনের মধ্যে ৪ জন নাবালিকা ও বাকিরা নাবালক।

পুলিশ দ্রুত তল্লাশি শুরু করে এবং ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করে ১২ জনকে। তাদের মধ্যে এক নাবালক ও এক নাবালিকা মঙ্গলবার সন্ধ্যায় খড়্গপুর লোকাল থানার বেনাপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। বাকি ১০ জনকে মঙ্গলবার গভীর রাতে উদ্ধার করা হয় একই এলাকার কাছ থেকে।

পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “নিখোঁজের খবর পৌঁছানোর পর, আমরা দ্রুত তিনটি টিম গঠন করে তদন্তে নেমে ছিলাম। ২৪ ঘণ্টার মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।”

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ১২ জন পড়ুয়া সোমবার দুপুরে ট্রেনে করে পাঁশকুড়া সংলগ্ন ক্ষীরাই এলাকায় ফুলের বাগান দেখতে গিয়েছিল। সেখান থেকে তারা সোমবার রাতে বেনাপুর এলাকায় একটি অনুষ্ঠান দেখে এবং সেখানেই রাত কাটায়। মঙ্গলবার সন্ধ্যায়, পুলিশ তাদের উদ্ধার করে।

এছাড়া, জানা গেছে, এই ১২ জনের মধ্যে একজন স্থানীয় সিভিক ভলান্টিয়ারের ভাই ছিলেন, যার কারণে পুলিশ মহলে এই নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। একসঙ্গে এতজন নাবালক নিখোঁজ হওয়ায় পুলিশ দ্রুত অ্যাকশন নেয় এবং জেলার প্রায় সব থানাকে অ্যালার্ট করা হয়। খড়্গপুর গ্রামীণের বেনাপুর এলাকায় প্রতি বছর সরস্বতী পুজোর দিন বড় আকারে অনুষ্ঠান হয়, এবং সেই অনুষ্ঠানের দিকেও নজর রেখেছিল পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা থেকেই ১২ জন পড়ুয়াকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।