Weather: ফের কনকনে ঠান্ডার পূর্বাভাস, ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা , জেনেনিন আবহাওয়ার আপডেট

ফেব্রুয়ারির শুরুতেই শীতের ছোঁয়া উধাও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। সকাল থেকেই উষ্ণতা বাড়ছে, সর্বনিম্ন তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। তবে কি শীত বিদায় নিচ্ছে? হাওয়া অফিস বলছে, এখনই শীত পুরোপুরি শেষ হচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা ফের কমতে পারে, যার ফলে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে।
কবে থেকে কমবে তাপমাত্রা?
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তবে এরপর পরবর্তী ২ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গেও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ফলে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে, তবে শীতের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গেও ১১ ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে রাতের দিকে কিছু জায়গায় হালকা ঠান্ডার আমেজ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতার তাপমাত্রা কত থাকবে?
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬% এবং ন্যূনতম ৪৪%।
তাহলে শীত কি ফিরবে?
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা এখন সাময়িকভাবে বাড়লেও, সপ্তাহ শেষে তা ফের কমতে পারে। ফলে শীতের আমেজ আরও কিছুদিন অনুভূত হতে পারে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। তবে গ্রীষ্মের প্রস্তুতি নেওয়ার সময়ও এসে গিয়েছে!