OMG! বহুতলের পাশের ঝুপড়িতে লাগলো বিধ্বংসী আগুন, আগুন নেভাতে দমকলের ৮ ইঞ্জিন

শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ তপসিয়ায় একটি বহুতলের পাশে অবস্থিত বস্তির একটি ঝুপড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন এবং প্রগতি ময়দান থানার পুলিশ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বিস্ফোরণের আওয়াজ শুনেছেন বলে জানিয়েছেন। এক স্থানীয় বাসিন্দা জানান, তিনি একটি বিকট আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখেন যে, একটি ঝুপড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে। আগুন দ্রুত আশেপাশের কয়েকটি ঝুপড়িতেও ছড়িয়ে পড়ে।
দমকল কর্মীরা দ্রুততার সাথে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যেই আশেপাশের ঝুপড়ি থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিলেন।
আগুনে একটি ঝুপড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল বাহিনী পৌঁছানোর আগে স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা সম্ভব হয়নি।
পুড়ে যাওয়া ঝুপড়ির এক বাসিন্দা কান্না জড়িত কণ্ঠে জানান, এই আগুনে তাঁর সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।