OMG! ৭ মাসের গর্ভবতী স্ত্রী পালিয়ে গিয়েছে প্রেমিকার হাত ধরে! হাইকোর্টের দ্বারস্থ স্বামী

স্ত্রী সাত মাসের গর্ভবতী ছিলেন। স্বামী তাঁর যথেষ্ট যত্ন নিতেন। কিন্তু একদিন সামান্য কথা কাটাকাটির পর স্ত্রী রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে যান এবং আর ফিরে আসেননি। স্ত্রীকে ফেরানোর জন্য শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন স্বামী। তাঁর অভিযোগ, গর্ভবতী স্ত্রী তাঁর প্রেমিকার সঙ্গে পালিয়ে গিয়েছেন!

এই ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদে। এক ব্যক্তি গুজরাট হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন। অভিযোগে তিনি জানান, তাঁর গর্ভবতী স্ত্রী তাঁর বান্ধবীর সঙ্গে পালিয়ে গিয়েছেন। এই বিষয়ে তিনি চন্দখেড়া পুলিশ স্টেশনে একটি অভিযোগও দায়ের করেছিলেন, কিন্তু কোনও ফল হয়নি।

ওই ব্যক্তির দাবি, তাঁদের মধ্যে বিশেষ কোনও সমস্যা ছিল না। ২০২২ সালে তাঁদের বিয়ে হয় এবং তাঁদের সংসার সুখেই চলছিল। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ার পর তাঁদের পরিবারে আনন্দের বন্যা বয়ে যায়। কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটে। স্ত্রী তাঁর প্রেমিকার সঙ্গে পালিয়ে যান।

পুলিশি তদন্তে জানা গেছে যে, বিয়ের আগে ওই যুবতী এক সমকামী সম্পর্কে ছিলেন। তাঁর পরিবার সে কথা জানত। বিয়ের আগে যুবতী তাঁর স্বামীকে এই সম্পর্কের কথা জানিয়েছিলেন, তা সত্ত্বেও তাঁদের বিয়ে হয়।

হাইকোর্টের পক্ষ থেকে পুলিশ এবং গুজরাট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে ওই যুবতীকে খুঁজে বের করে আদালতে পেশ করার জন্য। এই ঘটনাটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং আদালত এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই সকলের নজর।