‘সারাজীবন মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন পার্থ’, বিস্ফোরক তৃণমূল বিধায়ক তাপস রায়
August 4, 2022

ইডির জেরার মুখে পড়ে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন তিনি নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ করেছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার পার্থ চট্টোপাধ্যায়ের সেই ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে খোঁচা দিলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়।
বরানগরের তৃণমূল বিধায়ক বললেন, ‘কী ষড়যন্ত্র সেটা বলুক না ইডিকে, আদালতকে। আসলে ও সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে। তাই ষড়যন্ত্র কথাটার সঙ্গে হয়তো প্রত্যক্ষ সম্পর্ক আছে। তাই সব কিছুর মধ্যে ষড়যন্ত্র দেখছে।’
সম্প্রতি এর আগে শারীরিক পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ এবং অর্পিতাকে। সেখানে গিয়েই ‘আমি ষড়যন্ত্রের শিকার’ বলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। একথা তিনি কেন বলেছিলেন সেটা জানতেই জেরা চালিয়ে যাচ্ছে ইডি।