৪৪ বছরের দাম্পত্য সম্পর্ক, ‘বেলাশেষে’ স্ত্রীকে ৩ কোটির খোরপোশ ৭০ বছরের বৃদ্ধের

প্রায় পাঁচ দশক ধরে একসঙ্গে থাকার পর অবশেষে ডিভোর্স পেলেন এক বৃদ্ধ দম্পতি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর হরিয়ানার কার্নালে এই ঘটনাটি ঘটে। ডিভোর্সের জন্য স্বামীকে স্ত্রীকে দিতে হয়েছে কোটি কোটি টাকা। সংবাদমাধ্যম সূত্রে খবর, স্বামীর বয়স শীঘ্রই ৭০ হবে এবং স্ত্রীর বয়স ৭৩ বছর।
ঘটনার সূত্রপাত বহু বছর আগে। ১৯৮০ সালে তাদের বিয়ে হয় এবং তাদের তিনটি সন্তানও রয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৬ সালে স্বামী স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে ডিভোর্সের মামলা করেন। সেই সময় থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। কিন্তু ২০১৩ সালে কার্নালের পরিবার আদালত তাদের ডিভোর্সের আবেদন খারিজ করে দেয়। এরপর ওই ব্যক্তি হাইকোর্টে ডিভোর্সের আবেদন করেন। তারপর থেকে প্রায় ১১ বছর ধরে মামলাটি ঝুলে ছিল। অবশেষে, এই বছরের নভেম্বরের শুরুতে হাইকোর্ট তাদের বিচ্ছেদের পক্ষে রায় দেয়।
হাইকোর্টে আলোচনা ও মধ্যস্থতার পর সিদ্ধান্ত হয় যে ডিভোর্সের জন্য স্বামীকে স্ত্রীকে ৩.০৭ কোটি টাকা দিতে হবে। এই টাকা জোগাড় করতে স্বামীকে তার জমির একটি বড় অংশ বিক্রি করে সওয়া দুই কোটি টাকা জোগাড় করতে হয়। এছাড়াও, শস্য বিক্রির টাকা থেকে ৫০ লক্ষ টাকা নগদ এবং প্রায় ৪০ লক্ষ টাকার গহনাও স্ত্রীকে দেন তিনি।
সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যায়, মধ্যস্থতায় ঠিক হয়েছে যে এই তিন কোটি টাকা পরিশোধ করার পরেই ডিভোর্সের সমস্ত শর্ত সম্পন্ন হবে। এরপর থেকে ওই ব্যক্তির আর কোনও সম্পত্তির উপর তার স্ত্রী ও তিন সন্তানের কোনও অধিকার থাকবে না। এমনকি, ওই ব্যক্তির মৃত্যুর পরেও তার স্ত্রী ও সন্তানেরা তার সম্পত্তির উপর কোনও দাবি করতে পারবে না।