OMG! শিক্ষিকাদের বাথরুমে গোপন ক্যামেরা, LIVE দেখত স্কুলের মালিক, শোরগোল ঘটনায়

উত্তরপ্রদেশের নয়ডায় একটি বেসরকারি প্লে স্কুলের শৌচাগারে লুকানো গোপন ক্যামেরা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফেজ-৩ থানা এলাকার ওই প্লে স্কুলের টয়লেটের বাল্ব হোল্ডারে এই ক্যামেরাটি পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় স্কুলের ডিরেক্টরকে গ্রেফতার করা হয়েছে। ক্যামেরাটি ২৪ ঘণ্টা চালু থাকত এবং এর মাধ্যমে লাইভ স্ট্রিমিং চলত বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, গত ১০ ডিসেম্বর স্কুলের এক শিক্ষিকা শৌচাগারে গিয়ে বাল্ব হোল্ডারে সন্দেহজনক কিছু দেখতে পান। ভালোভাবে পরীক্ষা করে তিনি সেখানে একটি স্পাই ক্যামেরা দেখতে পান। বিষয়টি তিনি স্কুলের ডিরেক্টরকে জানালে তিনি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ। ওই শিক্ষিকা নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বললে তারা জানান যে এই ক্যামেরাটি ডিরেক্টর নিজেই বসিয়েছেন। এরপর শিক্ষিকা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অনলাইনে এই স্পাই ক্যামেরাটি কেনা হয়েছিল। এরপর ডিরেক্টরকে গ্রেফতার করে মামলা দায়ের করা হয়। এক পুলিশ আধিকারিক জানান, স্কুলের এক শিক্ষকও দাবি করেছেন যে এর আগেও তিনি স্কুলের শৌচাগারে একটি স্পাই ক্যামেরা পেয়েছিলেন এবং সেটি ডিরেক্টরকে দিয়েছিলেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্লে স্কুলের ডিরেক্টর স্বীকার করেছেন যে তিনি একটি ভাড়া করা ঘরে প্লে স্কুল চালাতেন এবং ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এই স্কুলটি শুরু করেছিলেন। তিনি আরও জানান যে ২২০০ টাকায় অনলাইনে একটি গোপন ক্যামেরা অর্ডার করেছিলেন, যাতে কোনো রেকর্ডিং ব্যবস্থা ছিল না, তবে তিনি মাঝে মাঝে এটির মাধ্যমে লাইভ দেখতেন। বাল্ব হোল্ডারে তিনিই গোপন ক্যামেরাটি লাগিয়েছিলেন বলেও তিনি স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত নভেম্বরে উত্তরপ্রদেশের সোনভদ্র থেকেও একই ধরনের একটি ঘটনা সামনে এসেছিল। সেখানে একটি বেসরকারি স্কুলের ছাত্রীদের বাথরুমের কাছে গোপন ক্যামেরা পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, সেই ঘটনায় অভিযুক্ত একজন নাবালক ছিল। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পকসো আইন এবং অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
নয়ডার এই ঘটনা ফের একবার শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।