বিশেষ: রেড ওয়াইন খেলে কেন হ্যাংওভার হয়? সত্যিটা জানলে হয়তো আর খাবেন না

বন্ধুদের সঙ্গে পার্টিতে বা প্রেমিকার সঙ্গে প্রথম ডেটে, রেড ওয়াইন অনেকেরই পছন্দের পানীয়। কিন্তু পরের দিন সকালের হ্যাংওভার যেন সব আনন্দ মাটি করে দেয়। কেন রেড ওয়াইন খেলে এত মাথা ধরে? এতদিন ধরে প্রচলিত ধারণা ছিল রেড ওয়াইনে থাকা সালফাইট, বায়োজেনিক অ্যামাইন এবং ট্যানিনই এর জন্য দায়ী। কিন্তু ক্যালিফোর্নিয়া-ডেভিস বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণা অন্য কথা বলছে। অ্যান্ড্রুওয়াটার হাউস ও অপ্রামিতা দেবীর তত্ত্বাবধানে হওয়া এই গবেষণায় উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য।

গবেষকরা জানাচ্ছেন, আঙুরের ত্বক ও বীজে থাকা কিছু ফেনোলিক যৌগই আসলে রেড ওয়াইন পানের পর মাথা ব্যথার প্রধান কারণ। এই যৌগগুলোই ওয়াইনের লাল রঙের জন্য দায়ী। রেড ওয়াইন পান করার পর অ্যালকোহলের সঙ্গে মিশে এই যৌগগুলোই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

আসলে, আমাদের শরীরে অ্যালকোহল হজম হওয়ার প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে, ইথানল এসিটালডিহাইডে রূপান্তরিত হয়। এরপর অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেস (ALDH) নামক একটি উৎসেচক (এনজাইম) এই এসিটালডিহাইডকে অ্যাসিটেটে রূপান্তরিত করে।

গবেষকদের মতে, যাদের ‘ফ্লাশ স্কিন’ (অ্যালকোহল পানের পর যাদের ত্বক লাল হয়ে যায়) রয়েছে, তাদের ক্ষেত্রে দ্বিতীয় ধাপের হজম প্রক্রিয়া তুলনামূলকভাবে ধীর গতিতে হয়। এর ফলে শরীরে এসিটালডিহাইড জমা হতে থাকে, যা মাথা ব্যথা বা হ্যাংওভারের সৃষ্টি করে।

রেড ওয়াইনে প্রচুর পরিমাণে কোয়ারসেটিন নামক একটি উপাদান থাকে, যা ALDH-এর দ্বিতীয় ধাপের হজম প্রক্রিয়াকে আরও ধীর করে দেয়। গবেষণায় দেখা গেছে, আঙুরের চামড়ায় এই কোয়ারসেটিনের পরিমাণ অনেক বেশি। যেহেতু রেড ওয়াইন তৈরির সময় আঙুরকে সাদা ওয়াইনের তুলনায় বেশি সময় ধরে ‘ফারমেন্ট’ (গাঁজন) করা হয়, তাই রেড ওয়াইনে কোয়ারসেটিনের পরিমাণও বেশি থাকে। এই কারণেই রেড ওয়াইন খেলে হ্যাংওভারের প্রবণতা বেশি দেখা যায়।

গবেষকরা আরও জানিয়েছেন, খাবার বা ওয়াইনের মাধ্যমে যখন কোয়ারসেটিন আমাদের শরীরে প্রবেশ করে, তখন তা লিভারের মাধ্যমে গ্লুকুরোনাইডে রূপান্তরিত হয়। এই কোয়ারসেটিন গ্লুকুরোনাইড শরীরে অ্যালকোহলের বিপাক ক্রিয়াকে ব্যাহত করে। এর ফলস্বরূপ শরীরে অতিরিক্ত এসিটালডিহাইড জমা হয়, যা প্রদাহ এবং মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

অতএব, এই গবেষণা থেকে স্পষ্ট যে রেড ওয়াইনে থাকা কোয়ারসেটিন নামক উপাদানটিই মূলত রেড ওয়াইন পানের পরের হ্যাংওভারের জন্য দায়ী।