দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, সরকার জারি করলো সর্বোচ্চ সতর্কতা

দিল্লিতে বাতাসের গুণমান আবারও ‘অতি ভয়ানক’ হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফের দূষণ মোকাবিলার সর্বোচ্চ বিধি বা গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪ (জিআরএপি ৪) জারি করা হয়েছে ভারতের রাজধানী অঞ্চলে।
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরেই জিআরএপি ৩ কার্যকর করা হয়েছিল দিল্লিতে। তার কয়েক ঘণ্টা যেতে না যেতেই সর্বোচ্চ মাত্রার নিয়ন্ত্রণবিধি জারি করে দিল্লি প্রশাসন।

সোমবার সকালে দিল্লির বাতাসের গুণমানের সূচক ৩০০ পার করে যায়। ফলে জিআরএপি ৩ জারি করতে বাধ্য হয় কমিশন। বিকাল ৪টা পর্যন্তও বাতাসের গড় গুণমান ছিল ৩৭৯। পরে রাত ১০টার দিকে বাতাসের গুণমান আরো খারাপ হয়ে ৪০০ অতিক্রম করে যায়। তখন আরো কড়াকড়ির পথে এগোয় দূষণ নিয়ন্ত্রণ কমিশন।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর তথ্য অনুযায়ী, বাতাসের গুণগত মানের সূচক যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে তা হলে তা ‘ভালো’ পর্যায়ের মধ্যে পড়ে। ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ সামান্য খারাপ, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ খুব খারাপ, ৪০১-৫০০ অতি ভয়ানক।

উদ্ভূত পরিস্থিতির কারণে মঙ্গলবার থেকে নয়ডার স্কুলগুলি ‘হাইব্রিড মডেলে’ চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্কুলগুলোতে অফলাইনের পাশাপাশি অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করতে হবে। অভিভাবকেরা স্থির করবেন, তারা তাদের বাচ্চাদের স্কুলে পাঠাবেন, না কি অনলাইনে ক্লাস করাবেন। রাজধানী অঞ্চলের দূষণ এবং শৈত্যপ্রবাহের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত মাসেও ভারতের রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ নিয়ন্ত্রণবিধি জারি করা হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আদালতকে না জানিয়ে নিয়ন্ত্রণবিধি শিথিল করা যাবে না। এর পরে বাতাসের গুণমান উন্নত হওয়ার প্রবণতা দেখা দিলে ডিসেম্বরের শুরুর দিকে সর্বোচ্চ নিয়ন্ত্রণবিধি শিথিল করার অনুমতি দেয় শীর্ষ আদালত। কিন্তু আদালত একই সঙ্গে জানিয়ে দিয়েছিল, বাতাসের গুণমান আবার খারাপের দিকে গেলে নিয়ন্ত্রণবিধি জারি করতে হবে।