“সৌরভ লক্ষ্মী ছেলে, আমি একটু ঝগড়া করি”- দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন দর্শনা

২০২৩ সালের ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়েন ওপার বাংলার তারকা দম্পতি সৌরভ দাস ও দর্শনা বণিক। এদিকে বিবাহবার্ষিকীতে একসঙ্গে কেক কেটেছে তারা। সেই সব মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।
বিবাহবার্ষিকীর বিষয়ে ভারতীয় গণমাধ্যমেকে অভিনেত্রী দর্শনা বণিক বলেন, ‘কাল রাতে বাড়িটা সাজিয়ে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিল। তারপর কেক কেটেছিলাম। আজ তেমন কিছুই আমরা করছি না। পরপর বেশ কিছু অনুষ্ঠানে আমাদের যেতে হচ্ছে।’
তিনি বলেন, ‘বাড়িতে একসঙ্গে খাওয়াদাওয়া করব। আমার সবচেয়ে পছন্দের পোলাও-পাঁঠার মাংস রান্না হয়েছে। আর আমি নিজে হাতে সুগার-ফ্রি কেক তৈরি করেছিলাম খেজুর দিয়ে। সৌরভের সেটা খুব ভাল লেগেছে।’
‘এক বছর একসঙ্গে থাকার উপলব্ধি অন্য রকম। সৌরভকে নতুন করে আবিষ্কার করেছেন দর্শনা। তার কথায়, ‘বিয়ের আগে তো আমরা একসঙ্গে থাকিনি কখনও। বিয়ের পরে একসঙ্গে থেকে বুঝলাম, সৌরভ খুবই লক্ষ্মী ছেলে।’
‘ওর কিছুতেই সমস্যা নেই। ওকে শুধু ভাত ও পেঁয়াজ কেটে দিলেও খেয়ে নেবে, আবার মাংস-ভাত দিলেও খেয়ে নেবে। মাটিতে বসে খেতে হলেও ও খেয়ে নেবে। ও খুবই ঝুটঝামেলাহীন একটা মানুষ। ও খুবই বোঝে সুবিধা-অসুবিধা।’
যদিও নিজে নাকি বেশ ঝগড়া করেন অভিনেত্রী। দর্শনার ভাষ্য, ‘আমি আবার অন্য রকম। ও-ই হয়ত বলবে, আমি ঝগড়া করি। আমি একটু ঘ্যানঘ্যানও করি। আমিই বেশি কথা বলি। ও সেই তুলনায় শান্ত। আসলে সৌরভ মাত্র ১৮ বছর বয়স থেকে একা থেকেছে। ও দায়িত্ব নিতে জানে। আমি আবার অনেক বড় হয়ে কাজের জন্য একা থেকেছি।’