“চিকিৎসকদের কাছে সকল রোগীই সমান”-বাংলাদেশি রোগী বয়কটের বিরোধিতায় আইএমএ

বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের হুমকির তীব্র নিন্দা করে পথে নেমেছে ভারতের বৃহত্তম চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।
বুধবার (৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান খোলাসা করেন সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা।

পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতা ও ত্রিপুরার রাজধানী শহর আগরতলায় বেশ কিছু চিকিৎসক বাংলাদেশি রোগী এবং হোটেল ব্যবসায়ীদের পর্যটক বয়কটের বিরোধিতা করেন সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের চিকিৎসকরা।

আইএমএ’র চিকিৎসকরা বলেন, চিকিৎসকদের কাছে সকল রোগীই সমান। রোগীদের কোনো জাত, ধর্ম বা দেশ থাকে না। বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে রোগীদের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে সেখানকার মেডিকেল ব্যবসা।

ডা. এন কাঞ্জিলাল বলেন, চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখা চিকিৎসা নিয়মের পরিপন্থী।

ভিসা জটিলতায় অনলাইনে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে জানিয়ে চিকিৎসকরা বলেন, বাংলাদেশি রোগীদের যেকোনো পরিস্থিতিতে চিকিৎসা সেবা দেয়া হবে। খুব শীঘ্রই একটি বিশেষ ‘হেল্পলাইন’ চালু করবেন বলেও জানানো হয়। তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে দুই দেশকে কূটনৈতিক সম্পর্ক মজবুত ও মধুর করতে এগিয়ে আসতে হবে বলেও আশা প্রকাশ করেন তারা।