“বোঝাই যাচ্ছে সবক’টি পাঁড় মাতাল!”-বিতর্কিত মন্তব্য তৃণমূলের আইটি সেলের নেতার

তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাসের ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের নিয়ে করা বিতর্কিত মন্তব্য রাজ্যের রাজনৈতিক দৃশ্যপটে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। দাসের এই মন্তব্য, যেখানে তিনি অনশনরত ডাক্তারদের অসুস্থতার কারণ হিসেবে অতিরিক্ত মদ্যপানকে দায়ী করেছেন, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং তীব্র সমালোচনার মুখে পড়েছে।বিতর্কিত পোস্টের জন্যে পরে বিদ্রুপের সুরে দুঃখপ্রকাশ করলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি।
নীলাঞ্জন এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এর একটাই কারণ হতে পারে যদি কারও কোনও প্রি একজিস্টিং গ্যাসট্রাইটিস অথবা লিভার ডিসফাংশান থাকে। আগে থেকেই গ্যাস্ট্রিক অথবা লিভারের সমস্যা কী থেকে হতে পারে? যদি অত্যধিক মদ্যপান করে। বোঝাই যাচ্ছে সবক’টি পাঁড় মাতাল একসঙ্গে বসে আমরণ অনশন করছে।’
এই বক্তব্য নিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার রুমেলিকা কুমার বলেন, ‘এই ধরনের মানসিকতার পরিচয় যাঁরা দেন তাঁদের মনুষ্যত্ব নিয়ে সংশয় তৈরি হয়। এখানে সবাই প্রাণের লড়াই লড়ছেন। এই ধরনের কদর্য কথার উত্তর দেওয়ার ভাষা নেই।’
নীলাঞ্জনের বক্তব্য, ‘জুনিয়র ডাক্তাররা যে সব তথ্য দিয়েছেন তা থেকেই আমি বলেছি। আমার বক্তব্য থেকে আমি সরছি না। জুনিয়র ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও অনেক মন্তব্য করেছেন।’
তৃণমূলের আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘নীলাঞ্জনের বক্তব্য তাঁর ব্যক্তিগত অভিমত। তিনি দলের মুখপাত্র নন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন নিয়ে জুনিয়র ডাক্তারদের কেউ কেউ যে মন্তব্য করেছেন তার জেরে কারও যদি ধৈর্য্যের বাঁধ ভাঙে কিছু বলার নেই।’