বিশেষ: কে এই হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ, সশস্র সংগঠনে কী ছিল তার ভূমিকা?

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিশ্চিত করেছে তাদের প্রধান নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে তারা।
গতকাল বিকেলে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলার লক্ষ্যবস্তু করা হয় হিজবুল্লাহর সদর দপ্তরকে। হামলার সময় সেখানে ছিলেন হাসান নাসরুল্লাহ।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, বিমানবাহিনী হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় ২ হাজার কেজির বাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় অত্যাধুনিক এফ-৩৫ বিমান থেকে।
নাসরুল্লাহর মৃত্যুর তথ্য নিশ্চিত করে দেওয়া বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, “প্রতিরোধের মাস্টার, ধর্মনিষ্ঠ বান্দা তার সৃষ্টিকর্তার কাছে যেতে একজন শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন।”
হিজবুল্লাহ যে শুধু রাজনীতি বা সামরিক দিক থেকে এগিয়ে যাওয়াতেই ব্যস্ত, তা নয়; লেবাননের জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডেও নিয়োজিত আছে তারা। গোটা মধ্যপ্রাচ্য ও আরবে আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের প্রতিষ্ঠালাভের চেষ্টার পেছনে হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
মিলিশিয়া দলে যোগদান ও হিজবুল্লাহর দায়িত্ব গ্রহণ
৬৪ বছর বয়সে প্রয়াত হাসান নাসরুল্লাহর জন্ম ১৯৬০ সালে। বেড়ে উঠেছেন বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হামুদ এলাকায়। বাবা আবদুল করিম ছিলেন একজন সাধারণ সবজি বিক্রেতা। তার ৯ সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবার বড়।
১৯৭৫ সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরাল্লাহ শিয়া মুভমেন্ট ‘আমাল’–এ যোগ দেন। পরে কিছুকাল ইরাকের নাজাফে শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাটান। সেখান থেকে লেবাননে ফিরে আবার আমালে যোগ দেন। ১৯৮২ সালে আরো কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি। এ ঘটনার কিছুদিন আগে লেবাননে আগ্রাসন চালায় ইসরায়েল।
আমাল থেকে দলছুট হয়ে প্রতিষ্ঠিত হয় ‘ইসলামিক আমাল’। দলটি প্রতিবেশী দেশ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কাছ থেকে উল্লেখ করার মতো সামরিক ও সাংগঠনিক সহায়তা পায়। লেবাননের বেকা ভ্যালিভিত্তিক দল ‘ইসলামিক আমাল’ পরবর্তী সময়ে শিয়া মিলিশিয়াদের সবচেয়ে পরিচিত ও কার্যকর দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। একপর্যায়ে এটিই সশস্ত্র হিজবুল্লাহ সংগঠনে রূপ নেয়।
‘ওপেন লেটার’ নামে একটি প্রকাশনা বের করার মধ্য দিয়ে ১৯৮৫ সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানায় হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে তারা চিহ্নিত করে ‘ইসলামের প্রধান দুই শত্রু’ হিসেবে। সেই সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার ডাক দেয় তারা। দেশটিকে আখ্যায়িত করে মুসলিমদের ভূমি দখলকারী হিসেবে।
সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে হিজবুল্লাহতে নাসরুল্লাহর অবস্থান মজবুত হতে থাকে, বাড়তে থাকে দায়িত্ব। নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহর একজন যোদ্ধা থেকে তিনি বালবেক এলাকার পরিচালক হন, পরে পুরো বেকা ভ্যালির দায়িত্ব পান, এরপর সংগঠনের বৈরুত শাখার দায়িত্ব নেন।
১৯৯২ সালে মাত্র ৩২ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। এর আগে ইসরায়েলের এক হেলিকপ্টার হামলায় নিহত হন তার পূর্বসূরি আব্বাস আল–মুসাবি।
হিজবুল্লাহপ্রধানের দায়িত্ব নেয়ার পর মুসাবি হত্যার প্রতিশোধ নেয়া ছিল হাসান নাসরাল্লাহর প্রথম কাজ। সে অনুযায়ী ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার নির্দেশ দেন তিনি। হামলায় একজন নিহত হন। পাশাপাশি তুরস্কে ইসরায়েলের দূতাবাসে গাড়িবোমা হামলায় এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ও আর্জেন্টিনার বুয়েনস এইরেসে ইসরায়েলি দূতাবাসে আত্মঘাতী হামলায় ২৯ জন নিহত হন।
নাসরাল্লাহ লেবাননের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর সঙ্গেও তার যোদ্ধাদের লড়াইয়ে নেতৃত্ব দেন। একপর্যায়ে ২০০০ সালে সেখান থেকে পিছু হটে দেশে ফিরে যান ইসরায়েলি সেনারা। তবে নাসরুল্লাহর ব্যক্তিগত ক্ষতিও কম হয়নি। ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ দিতে হয় তার বড় ছেলে হাদিকে।
ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ছাড়লে নাসরাল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে আরবদের প্রথমবারের মতো বিজয়ের দাবি করেন। সেই সঙ্গে তিনি অঙ্গীকার করেন, ইসরায়েলকে দমন না করা পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবেন না। বলেন, সেবা ফার্মস এলাকাসহ দখল করা লেবাননি সব ভূখণ্ড ছাড়তে হবে ইসরায়েলকে।
‘ওপেন লেটার’ নামে একটি প্রকাশনা বের করার মধ্য দিয়ে ১৯৮৫ সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানায় হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে তারা চিহ্নিত করে ‘ইসলামের প্রধান দুই শত্রু’ হিসেবে। সেই সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার ডাক দেয় তারা। দেশটিকে আখ্যায়িত করে মুসলিমদের ভূমি দখলকারী হিসেবে।
এরপর ২০০৬ সাল পর্যন্ত ইসরায়েল–হিজবুল্লাহর মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল। তবে ওই বছর হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি সীমান্তে হামলা চালালে আট সেনা নিহত ও দুজন অপহৃত হন। পরে লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে যুদ্ধবিমান থেকে ব্যাপক গোলাবর্ষণ শুরু করে ইসরায়েল। হিজবুল্লাহও ইসরায়েলের অভ্যন্তরে প্রায় চার হাজার রকেট ছুড়ে জবাব দেয়।
৩৪ দিন ধরে চলা ওই লড়াইয়ে অন্তত ১ হাজার ১২৫ লেবাননি নিহত হন, যাদের বেশির ভাগ ছিলেন বেসামরিক লোক। নিহত হন ১১৯ ইসরায়েলি সেনা ও ইসরায়েলের ৪৫ বেসামরিক নাগরিকও। লড়াই চলাকালে ইসরায়েল নাসরুল্লাহর বাড়ি ও অফিসে যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করে। তবে তিনি অক্ষত থাকেন।
সর্বশেষ হিজবুল্লাহ–ইসরায়েল উত্তেজনা বেড়ে যায় গত বছরের ৮ অক্টোবর থেকে। ওই দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের রকেট হামলার জের ধরে গাজায় নজিরবিহীন তাণ্ডব শুরু করে দেশটি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শনের অংশ হিসেবে মাঝেমধ্যেই ইসরায়েলের অভ্যন্তর ও দখলকৃত গোলান মালভূমি এলাকায় রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।
এসব হামলায় হিজবুল্লাহ আট হাজারের বেশি রকেট ব্যবহার করেছে। ছুড়েছে ইসরায়েলি সমরযান লক্ষ্য করে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বিস্ফোরকভর্তি ড্রোন দিয়েও আক্রমণ চালিয়েছে বিভিন্ন ইসরায়েলি সামরিক স্থাপনায়। বিপরীতে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর পাশাপাশি ট্যাংক থেকে গোলা নিক্ষেপ ও গোলন্দাজ ইউনিট ব্যবহার করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
অতিসম্প্রতি লেবাননে পরপর দু’দিন হাজার হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহর সদস্যসহ অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজারো মানুষ। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ।
সংগঠনটির প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, ‘ইসরায়েল সব সীমা লঙ্ঘন করেছে।’ তবে তিনি এ–ও স্বীকার করেন, ওই হামলা তার সংগঠনের জন্য এক ‘নজিরবিহীন ধাক্কা’।
এখন লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। চলমান এ হামলায় এরই মধ্যে প্রায় ৮০০ লেবাননি প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ।
সূত্র: বিবিসি