আজ ফের স্বাস্থ্যপরীক্ষা পার্থ, অর্পিতার: নির্দেশ আদালতের

দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে পার্থের নাকতলার বাড়িতে টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে তাকে গ্রেফতার করে ইডির একটি দল। টানা জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েন পার্থ। তাঁকে ভর্তিও করা হয়েছিল হাসপাতালে। আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জির ৪৮ ঘন্টা অন্তর মেডিক্যাল টেস্ট হওয়ার কথা।
আদালতের নির্দেশ অনুযায়ী, আজ শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সিজিও কমপ্লেক্স থেকে তাঁদের নিয়ে বেরোবে ইডি আধিকারিকদের দল। তাঁদের নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে।
প্রসঙ্গত, বান্ধবীর বাড়ি থেকে নগদ কোটি কোটি টাকা ও স্বর্ণ উদ্ধারের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পার্থের নাকতলার বাড়িতে টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেফতার করে ইডির একটি দল। সেদিন সারা দিন তো বটেই, রাতভর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।