যুক্তরাষ্ট্রে বৈঠক করলেন মোদি-জেলেনস্কি, আলোচনা হলো ইউক্রেন পরিস্থিতি নিয়ে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্প্রতিক সময়ের মধ্যে এটা ছিল দুই নেতার দ্বিতীয় বৈঠক। এর আগে গত ২৩ অগাস্ট মোদি ইউক্রেন সফরে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো মজবুত হওয়ায় দুই নেতাই সন্তোষ প্রকাশ করেছেন।

ইউক্রেনের পরিস্থিতি এবং কিভাবে শান্তির পথে এগোনো যাবে, তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে।

মোদি বলেছেন, ‘ভারত এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায়। ভারত কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। ভারত চায়, সংশ্লিষ্ট সব পক্ষ যেন আলোচনায় বসে সমাধানের চেষ্টা করে।

এই বিরোধের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।’ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন মাসের মধ্যে মোদি ও জেলেনস্কি তিনবার বৈঠক করলেন। দুইজনই জানিয়েছেন, তারা যোগাযোগ রেখে চলবেন।

সূত্র: ডয়চে ভেলে, এনডিটিভি