বিশেষ: যে গ্রামে প্রায় সব পরিবার লাখপতি, YOUTUBE দেখিয়েছে উপার্জনের রাস্তা

গ্রামে সাকুল্যে তিন হাজার জন বাস করেন। কিন্তু তাদের মধ্যে এক হাজার জনই ইউটিউবার। শুধু তাই নয়, গ্রামের প্রতিটি পরিবারেরই আয় লক্ষাধিক টাকা।
শুনে অবাক হচ্ছেন? এমনই একটি গ্রাম আছে এ দেশে। যেখানে কেউ কমেডিয়ান, কেউ যাত্রার সঙ্গে জড়িত। বাচ্চা, বুড়ো সকলেরই কোনো না কোনো শিল্পীসত্তা রয়েছে। গ্রামটির নাম তুলসী। ছত্তীসগঢ়ের রাজধানী রাইপুর থেকে ৪৫ কিলোমিটার দূরে এই গ্রাম।

এই গ্রামে কৃষিকাজ যেমন জীবিকার একটি উপায়, তেমনই যুবক-যুবতীরা পড়াশোনার পাশাপাশি ইউটিউবে নিজেদের শিল্পীসত্তা তুলে প্রচুর উপার্জন করেন। তবে তাদের মধ্যে কেউ সফল, কেউ আবার অসফল। গ্রামের বেশির ভাগই হাস্যকৌতুক ভিডিও বানান। এই কারণে এই গ্রাম ‘লাফটার চ্যাম্পিয়ন’দের গ্রাম নামেও পরিচিত।

সন্দীপ সাহু নামে গ্রামের এক ইউটিউবার বলেন, এই গ্রামে সবাই কোনো না কোনো শিল্পকর্মের সঙ্গে জড়িত। সন্দীপ সাহু বাবা-কাকাদেরও দেখেছি কেউ গান, কেউ নাটক বা যাত্রা করেন। গ্রামের অনেক লোকই দীর্ঘ দিন ধরেই চাকরি এবং চাষাবাসের পাশাপাশি শিল্পকলাকে বাঁচিয়ে রেখেছেন। যা পরবর্তী প্রজন্মের মধ্যেও ছড়িয়ে গিয়েছে।

তার কথায়, এখন ইন্টারনেট আর স্মার্টফোনের যুগ। ফলে গ্রামের বেশির ভাগ মানুষই নিজেদের ইউটিউব চ্যানেল খুলে সেখানে নানা রকম ভিডিও আপলোড করেন। আর সেখান থেকে উপার্জনও করছেন।

সূত্র: ABP