Recipe: ভাতের সাথে দুপুরে মেখে খান আইড় মাছ ভুনা, শিখেনিন বানানোর সেরা পদ্ধতি

নদীর মাছের মধ্যে একটি সুস্বাদু মাছ হলো আইড় মাছ। এটি যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুব মজাদার হয়। এই মাছ দিয়ে নানা ধরনের রেসিপি তৈরি করা হয়। তেমনি একটি রেসিপি হলো আইড় মাছের ভুনা। চলুন তবে জেনে নেয়া যাক আইড় মাছ ভুনা রেসিপি-
উপকরণ:

আড় মাছ – ৩ টুকরা
পেঁয়াজ কুঁচি – ১ কাপ
কাঁচা মরিচ ফালি – ২ টি
আদা-রসুন বাটা – ২ চা চামচ
কাঁচা মরিচ বাটা – ১ চা চামচ
জিরা-ধনিয়া গুঁড়া – ১ চা চামচ
স্পেশাল গুঁড়া মশলা – ১/৪ চা চামচ
হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
মরিচ গুঁড়া -১ চা চামচ
লবন – স্বাদমতো
টমেটো – ১ টির অর্ধেক
ধনিয়া পাতা কুঁচি ২ টেবিল চামচ
গরম জল – ১ কাপ
সরিষার তেল – ৪ টেবিল চামচ

প্রণালি: আইড় মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এখন প্যানে তেল গরম হতে দিন। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে পেঁয়াজ কুঁচি দিন। পেঁয়াজ সামান্য নরম হয়ে গেলে এর মধ্যে হলুদ এবং মরিচ গুঁড়া দিন। চুলার আঁচ মাঝারি করে দিয়ে এরপর এতে আদা-রসুন ও কাঁচা মরিচ বাটা দিয়ে দিন। এরপর এই মশলায় সামান্য জল দিয়ে একে একে জিরা-ধনিয়া গুঁড়া, স্পেশাল গুঁড়া মশলা এবং পরিমানমত লবন দিয়ে মশলাটা ভালকরে কষিয়ে রান্না করুন। এখন চুলার আঁচ মাঝারি রেখে মশলায় অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিন। মশলা কষাতে কষাতে মশলার উপর তেল উঠে গেলে মাছের টুকরোগুলো দিয়ে দিন। এক মিনিট পর মাছের পিছগুলো উলটে দিন। চুলার আঁচ মাঝারি রেখে মাছ ঢেকে ৫ মিনিট রান্না করুন যাতে মাছের ভিতর ভালভাবে মশলা প্রবেশ করে। এরপর পাত্রের ঢাকনা তুলে মাছের মধ্যে সামান্য গরম জল দিন। প্যানের হাতল ধরে মাছগুলো একটু নেড়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন মাছের ভিতর ভালভাবে মশলা প্রবেশ করলে মাছ সাবধানে একবার উল্টে দিন। এরপর মাছে পরিমান মত গরম জল যোগ করে ২-৩ মিনিটের জন্য পাত্র ঢেকে দিন। মাছের জল টেনে ঝোল ঘন হয়ে এলে এর উপরে টমেটো কুঁচি, ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ ফালি ছড়িয়ে দিন। সবশেষে চুলা বন্ধ করে দিয়ে মাছ কিছুক্ষণ ঢেকে রাখুন। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার আড় মাছ ভুনা।