আরজি কর ধর্ষণ-মামলায় বিচারে বিলম্ব নিয়ে আক্ষেপ প্রকাশ রাষ্ট্রপতিরও

কলকাতায় নাগরিক সমাজের মিছিল থেকে স্লোগান উঠেছে, ‘বিচার যত থমকে যাবে, আওয়াজ তত তীব্র হবে।’ শুধু নাগরিক সমাজই নয়, স্বয়ং দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও বিচারব্যবস্থার ঢিলেমি নিয়ে এ দিন আওয়াজ তুলেছেন।

আরজি করের ঘটনার প্রসঙ্গ সরাসরি উল্লেখ না-করে সেখানে তিনি বলেন, ‘যখন ধর্ষণের মতো মামলায় আদালতের রায় মেলে, তখন হয়তো এক প্রজন্ম কেটে গিয়েছে। এতে সাধারণ মানুষের মনে হয়, বিচার প্রক্রিয়ায় সংবেদনশীলতার অভাব রয়েছে।’

তাঁর সংযোজন, ‘গ্রামের মানুষরা বিচার বিভাগকে ভগবানতুল্য মনে করেন। কারণ, সেখানে তাঁরা ন্যায়বিচার পান। কিন্তু বিচারে এত দেরি কেন, সেটা আমাদের ভাবতে হবে।’ রাষ্ট্রপতির আক্ষেপ, ‘যখন কেউ ন্যায়বিচার পান, তখন হয়তো তাঁর মুখের হাসিটাই হারিয়ে গিয়েছে। অথবা তিনি হয়তো বেঁচেই নেই! আমাদের এই বিষয়ে গভীর ভাবে চিন্তা করতে হবে।’

আরজি করের ঘটনার আবহে রাষ্ট্রপতি বার্তা দিয়ে বলেছিলেন, ‘কোনও সভ্য সমাজ কন্যা ও বোনেদের উপর এই ধরনের নৃশংসতা বরদাস্ত করতে পারে না।’