“চাটা মল্লিক, ফাটা মল্লিক..”-আরজি কর কাণ্ডে অভিনেতা ঋত্বিকের নিশানায় এবার TMC-র কাঞ্চন?

আরজি কর-কাণ্ডের পর থেকেই একরকম নিশ্চুপ ছিলেন অভিনেত্রী ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। টলিউড তারকাদের প্রতিবাদ মিছিলেও তাঁকে দেখা যায়নি। কিন্তু রবিবার, চিকিৎসকদের আন্দোলনের সময় তিনি এমন এক মন্তব্য করেছেন যা টলিউডে তোলপাড় ফেলে দিয়েছে। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেছেন, “সরকারি বেতন, বোনাস নেবেন তো নাকি?”
উত্তরপাড়ার বিধায়কের এই কটূক্তি ভাইরাল হতেই টলিউডের একাংশ কাঞ্চনের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনকে কড়া ভাষায় জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, “এক সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়।”
এবার কাঞ্চনের তুলোধনা করতে এগিয়ে এসেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সোজাসাপ্টা কথা বলতে কখনও পিছু পা না হওয়া ঋত্বিক নিজের ফেসবুক পেজে কাঞ্চনের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করেছেন। তিনি লেখেন, “ঘাঁটা মল্লিক, চাটা মল্লিক, ফাটা মল্লিক, টা টা মল্লিক।” শেষের এই ‘টা টা মল্লিক’ কথার মাধ্যমে উত্তরপাড়ার বিধায়ককে তিনি বুঝিয়ে দিয়েছেন তাঁর আর কোনও স্থান নেই ঋত্বিকের পরিচিতদের তালিকায়।
কাঞ্চন বিধায়ক হওয়া সত্ত্বেও টলিপাড়ায় তাঁর সকলের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু এই মন্তব্যের পর টলিউডের একাংশ তাঁর প্রতি ক্ষুব্ধ হয়েছে।