Cyclone Asna: ৮০ বছরের মধ্যে ৪ বার বিরল পরিস্থিতি, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা

আরব সাগরে গভীর নিম্নচাপ দেখা দিয়েছে। আগামীকাল শুক্রবার সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)।
আইএমডির পূর্বাভাসে আরও বলা হয়েছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর সেটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের উপকূলে আঘাত হানবে। ইতোমধ্যে এ বিষয়ক সতর্কতা জারি করেছে দুই দেশের আবহাওয়া দপ্তর।
এদিকে নিম্নচাপের প্রভাবে গুজরাটের বিভিন্ন উপকূলীয় এলাকায় গত প্রায় দু’দিন ধরে চলছে ব্যাপক বর্ষণ। ভারী ও টানা বর্ষণের কারণে নদী-নালা ও অন্যান্য জলাশয়ের জল বেড়ে বন্যা দেখা দিয়েছে অনেক জায়গায়। বন্যায় ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এছাড়া বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে অনেক এলাকা বিদ্যুৎবিহীনও হয়ে পড়েছে। গুজরাটের উপকূলীয় শহর জামনগরের বাসিন্দা প্রভু রাম সোনি রয়টার্সকে জানিয়েছেন, গত দু’দিন ধরে তার এলাকায় বিদ্যুৎ নেই।
মৌসম বিভাগের তরফে গুজরাটের ভারুচ, কচ্ছ ও সৌরাষ্ট্র জেলায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩১ অগস্ট পর্যন্ত গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যেই টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি গুজরাটে। বিস্তীর্ণ এলাকা জলের তলায় ডুবে গিয়েছে। পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।। দ্বারকা, বরোদা, মোরবি-সহ একাধিক জেলায় সেনা নামিয়ে বিপর্যয় মোকাবিলা করা হচ্ছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলে গুজরাটের পরিস্থিতি নিয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তার নাম হবে ‘আসনা’৷ এই নামকরণ করেছে পাকিস্তান। ‘আসনা’ শব্দের অর্থ সর্বোচ্চ, উজ্জ্বলতম এবং প্রশংসনীয়।