ছেলেকে খুঁজতে থানা-পুলিশ করেছিলেন রাকেশ রোশন, জেনেনিন কি ঘটেছিলো ?

হিন্দি সিনেমার অভিনেতা হৃত্বিক রোশন ছেলেবেলায় একবার হঠাৎ নিখোঁজ হলে রীতিমত থানা পুলিশ করতে হয়েছিল বাবা-মাকে। ছেলেকে খুঁজতে গিয়ে তারা যখন হাঁপিয়ে উঠেছিলেন, তখন ঘরে বসে সিনেমা দেখছিল শিশু হৃত্বিক।
জীবনের সেই অভিজ্ঞতার কথা কপিল শর্মার অনুষ্ঠানে জানিয়েছেন বলিউডের এক সময়ের নায়ক এবং পরে পরিচালক হিসেবে খ্যাতি কুড়ানো রাকেশ রোশন।
রাকেশের ভাষ্য, স্কুল থেকে বাড়িতে ফেরার পর হৃতিকের আর কোনো খোঁজ নেই। নেই তো নেই, তন্ন তন্ন করে খুঁজেও হৃতিককে কোথাও পাওয়া যাচ্ছিল না।
“আমাদের শোবার ঘর ওই সময় তালা দিয়ে রাখা হয়েছিল, যে ঘরের চাবি আমাদের কাছেই ছিল। তাই সেখানে আর খোঁজা হয়নি। দুই-তিন ঘণ্টা গড়িয়ে গেলে থানায় যাই। পুলিশ সঙ্গে সঙ্গে আমার সঙ্গে বাড়িতে আসে।”
অনুষ্ঠানে বাবার সঙ্গে অতিথি হয়ে আসা হৃত্বিক এবার বলতে শুরু করেন তার নিখোঁজ রহস্যের কথা।
“আমি স্কুল থেকে ফিরে সিনেমা দেখার জন্য খোলা জানালা দিয়ে মায়ের ঘরে ঢুকি। যখন আমাকে খুঁজে পেতে তোলপাড় চলছিল, আমি তখন মায়ের ঘরে বসে টিভিতে সুপারম্যান ভার্সাস ব্যাটম্যান’ দেখছিলাম গভীর মনোযোগ দিয়ে।”
এ কথা শুনে হেসে ফেলেন রাকেশ।
অনুষ্ঠানে বাবা এবং ছেলে তাদের সম্পর্ক ও কাজ নিয়ে আরো কথা বলেন। রাকেশ জানিয়েছেন, ক্যান্সার থেকে মুক্ত জীবনে তিনি বর্তমানে ভালোই আছেন। ৭৪ বছর বয়সেও নিজের ফিটনেস ধরে রেখেছেন, যা দেখে মুগ্ধ নেট দুনিয়ার মানুষজন।
সম্প্রতি রাকেশের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, কালো টি-শার্ট আর শর্টস পরে নানা ধরনের ব্যায়াম করে চলেছেন তিনি।
বাবার হাত ধরে ২৪ বছর আগে ‘কহোনা প্যায়ার হ্যায়’ সিনেমা দিয়ে বলিউডে আসা হৃতিককে শেষ দেখা গিয়েছে ‘ফাইটার’ সিনেমায়। সিনেমাটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করলেও, স্কোয়াড্রন লিডার ‘প্যাটি’র ভূমিকায় হৃতিক দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
আগামী বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে এই অভিনেতার পরের সিনেমা ‘ওয়ার ২’।