বিশেষ: ঘরের সৌন্দর্য দৃদ্ধি করতে পারে পর্দা, জেনেনিন পর্দা বাছাইয়ের সঠিক নিয়ম

ঘর সাজাতে সবাই ভালোবাসেন, তাই সারা বছর বাড়িতে টুকটাক পরিবর্তন এনে থাকেন। বিশেষ করে বাড়িতে কোনো উৎসব থাকলে তো কথাই নেই। ব্যস্ত হয়ে পরেন ঘর সাজাতে; কোথায় কোন বদল আনলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে সেই চেষ্টায়।
তবে সহজে ঘরের চেহারা বদলে ফেলতে চাইলে আস্থা রাখতেই পারেন পছন্দসই রংবেরঙের পর্দার ওপর। যেকোনো অনুষ্ঠানের আগে পর্দার সঙ্গে কারসাজি করে কীভাবে অতিথিদের চোখে তাক লাগিয়ে দিতে পারেন, রইল কিছু কৌশল-
১. প্রথমেই যে দিকে নজর দিতে হবে সেটি হলো আপনার ঘরের দেওয়ালের রং বা আসবাবপত্র কী রকম। অনলাইনে আপনার যে পর্দাটি পছন্দ হলো সেটি আপনার ঘরের সঙ্গে মানানসই না-ও হতে পারে। অনেকেই এমন রঙের পর্দা বেছে নেন, যাতে দেওয়ালের রঙের সঙ্গে সামঞ্জস্য থাকে। তবে আসবাবের সঙ্গেও সেই পর্দা যাচ্ছে কি না, যাচাই করে নিন।
২. পর্দার রং হতে পারে হালকা প্যাস্টেল শেডে। ঘরের পরিবেশে আসবে শীতলতার ছোঁয়া। আবার ধরুন ঘরের দেওয়াল খুব হালকা রঙের। সেক্ষেত্রে উজ্জ্বল রঙের কনট্রাস্ট পর্দাও ব্যবহার করতে পারেন। এতে ঘরও খুব উজ্জ্বল আর সুন্দর দেখাবে।
৩. প্রিন্টেড নাকি এক কালার পর্দা— কোনটা মানাবে আপনার ঘরে, কেনার আগেই ভেবে নিতে পারেন। বসার ঘরের সোফাসেট বা শোয়ার ঘরের বিছানা এবং অন্যান্য আসবাব যদি একরঙা হয়, তবে প্রিন্টেড বা কারুকাজ করা পর্দা বাছতেই পারেন। আর ঘরের আসবাবপত্রে যদি থাকে ভারী কাজ বা জমকালো নকশা, তাহলে বেছে নিন হালকা রঙের এক কালার পর্দা।
৪. পর্দার কাপড় বাছাই করা সবচেয়ে জরুরি। বসার ঘরকে বড় দেখাতেও আলো-বাতাস খেলার সুযোগ করে দিতে পাতলা নেট জাতীয় স্বচ্ছ কাপড়ের পর্দা ব্যবহার করতে পারেন। এতে ঘরে রোদও আসে আর বসার ঘর উজ্জ্বল ও খোলামেলা দেখায়।
৫. বেডরুমের জন্য বেছে নিতে পারেন একটু ভারী বা মোটা কাপড়ের পর্দা। এতে খুব বেশি রোদও ঘরে আসে না, আর বেডরুমের গোপনীয়তা বজায় রাখতেও অসুবিধা হয় না। সুতির কাপড় বা স্যাটিন কাপড়ের কাজ করা পর্দা এক্ষেত্রে বেশ উপযোগী।