“বলেছিলাম বদলা চাই না, আজ বলছি ফোঁস করুন”-নির্দেশ দিলেন মমতা

পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে এমন পরিস্থিতিতে, তৃণমূল ছাত্র পরিষদ আজ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে। আর এই সমাবেশ থেকে সংগঠন ও সকলের উদ্যেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় মমতা বলেন, ‘আমাকে অনেক গালাগাল দিয়েছে, অসম্মান করেছে। বলেছিলাম বদলা নয়, বদল চাই। কিন্তু আজ বলছি যেটা করার দরকার, সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না। যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারতে পারেন।’

মমতা বলেন, ‘আগামী দিনে আপনাদের কাজ হচ্ছে, চক্রান্তকারীদের মুখোশ খুলে দিন। ফোঁস করতে শিখুন। ফোঁস শিখুন। ফাঁস করে দিন।’

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উদ্দেশে বলেন, ‘কেউ কেউ মনে করছে এটা বাংলাদেশ। মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন? মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান তা অসমে থেমে থাকবে না, উত্তর-পূর্বে থেমে থাকবে না। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, ওডিশা, দিল্লিতে থেমে থাকবে না। আপনার চেয়ার আমরা টলোমলো করে দেবো। চেয়ার দখলের লড়াই হচ্ছে? ক্ষমতা থাকলে ভোটে যাও, গুলি নয়, ডেডবডি নয়, লাশ নয়।’

তাঁর কথায়, ‘বাইরে থেকে যাঁরা এখানে এসে থাকছেন, বিজেপির সঙ্গে মিলে পুলিশকে পেটালেন, আপনার গায়ে হাত দিতে পারে। আমি কাউকে গায় হাত দিতে বলব না। এখন-ও সহ্য করছি, ধৈর্য্য ধরছি। কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কী করতে পারি তা আপনারা কেউ জানেন না।’