“ধর্ষণের একটাই শাস্তি ফাঁসি, ১০ দিনের মধ্যে বিধানসভায় বিল”- জানালেন মমতা

পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে এমন পরিস্থিতিতে, তৃণমূল ছাত্র পরিষদ আজ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে। আর এই সমাবেশ থেকে সংগঠন ও সকলের উদ্যেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমাকে অনেক গালিগালাজ করেছেন, অসম্মান করেছেন। কিন্তু এদের বিরুদ্ধে বদলা নিইনি। বদলা নয়, বদলের কথা বলেছি। কিন্তু আজ বলছি, এবার যা করার দরকার, ভাল বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু আপনাকে যারা রোজ কামড়াচ্ছেন, তাদের কামড়াতে বলছি না, কিন্তু ফোঁস তো করতে পারেন।
আগামী দিন আপনাদের কাজ হল, চক্রান্তকারীদের ফোঁস করতে শিখুন। সহ্যের সীমা ছাড়ালে আমি কী করতে পারি, জানেন না। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে অত্য়াচারী তাকে কেন ছেড়ে দেওয়া হবে? কেন তাদের সাজা হবে না? প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানালাম, ন্যায় সংহিতা তৈরি করেছেন। একের পর এক ধাপ করেছেন। এই ন্যায় সংহিতা করার কী প্রয়োজন ছিল? রাজ্যের হাতে পাওয়ার নেই। যারা ধর্ষক তাদের একমাত্র শাস্তি ফাঁসি,ফাঁসি, ফাঁসি। এই একটা কাজ করলে সবাই ঠান্ডা হয়ে যাবে।’
আমি বলে যাচ্ছি, আমি আগামী সপ্তাহে বিধানসভায় আগামী ১০ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই, বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। রাজাবাবু কিছু না করলে রাজভবনে গিয়ে বসে থাকবে মেয়েরা ঘণ্টার পর ঘণ্টা। আপনি আবার বড় বড় কথা বলেন। আপনার রাজভবনের মহিলা কর্মীকে আপনি নির্যাতন করেন। লজ্জা নেই। কাল কারা এসেছিল আন্দোলনে? ছাত্র-ছাত্রী তোমাদের সঙ্গে নেই। এরা কোথা থেকে এসেছে? বাংলা সবাইকে গ্রহণ করে, কিন্তু কেউ যদি বাইরের রাজ্য থেকে বাংলাকে অশান্ত করবেন, তাপরা মনে রাখবেন, বাংলার মানুষ মেনে নেবে না। কোর্ট কী করবে, আমি জানি না, মানুষ শাস্তি দেবে।