R.G Kar -এর সেমিনার হলে বহিরাগত? আরজি করের ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলল পুলিশ

আরজি কর হাসপাতালের সেমিনার হলে ঘটে যাওয়া নৃশংস ঘটনার পর থেকেই এই ঘটনা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ঘটনাস্থলে প্রচুর লোকের ভিড় জমে ওঠা এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে এই ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কী ঘটেছিল?

একটি ৪৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, যে স্থানে খুন ও ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে, সেখানে বেশ কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এই ভিডিওতে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তৎকালীন আপ্তসহায়ক প্রসূন চট্টোপাধ্যায়, সন্দীপের আইনজীবী শান্তনু দে, হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের শিক্ষক দেবাশিস সোম সহ আরও বেশ কয়েকজনকে দেখা যায়।

প্রশ্ন উঠছে কেন?

এই ভিডিও সামনে আসার পর থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। লোকজন প্রশ্ন করছে, যেখানে এত গুরুতর অপরাধ ঘটেছে, সেখানে এত লোকের ভিড় কেন? কি এখানে কোনও প্রমাণ লোপাট করার চেষ্টা চলছে? এই ঘটনা নিয়ে সন্দেহের বীজ বপন করেছে।

কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ঘটনার পরেই পুলিশের যেখানে মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেই জায়গাটি ‘কর্ডন’ (ঘটনাস্থলে প্রবেশ নিষেধ করে ঘিরে দেওয়া হয়) করে দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘যেখানে দেহ পাওয়া গিয়েছিল সেখান থেকে ৪০ ফুটের মধ্যে কেউ আসেননি। পিও কর্ডন করে দেওয়া হয়।’

তিনি জানান, সেমিনার হলের ওই ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে ১১ ফুটের একটি জায়গায় চিকিৎসক, মৃত চিকিৎসকের পরিবারের লোকজন সহ হাসপাতালের কিছু লোকজন ছিলেন। সেখানে কোনও বহিরাগত ছিলেন না। সেখানে চিকিৎকদের সঙ্গে পরিবারের লোকজনের বেশ কিছু আলোচনার জন্য জায়গাটিতে বসার ব্যবস্থা করা হয়। এই জায়গার সঙ্গে পিও (প্লেস অব অকারেন্স)-এর কোনও সম্পর্ক নেই।