“নবান্ন অভিযানের কেউ অনুমতি চায়নি, এই আন্দোলন বেআইনি”- জানালো পুলিশ

মঙ্গলবার নবান্ন অভিযান নিয়ে পুলিশের তরফ থেকে কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে। পুলিশের দাবি, এই অভিযান সম্পূর্ণ বেআইনি এবং এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে।

পুলিশের মতে, নবান্ন অভিযানের জন্য কোনও আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি। এই অভিযানের পেছনে দুষ্কৃতীরা রয়েছে।এই অভিযানকে ছাত্র আন্দোলনের ছদ্মবেশে চালানো হচ্ছে। এই অভিযানের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ নামে কোনও সংগঠন নেই। এই অভিযানের মাধ্যমে হিংসা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। মিছিলে মহিলাদের সামনে রেখে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা হতে পারে।

এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে বলেন, শুরু থেকে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের নামে প্রেসমিট করা হয়েছে। তবে এমন কোনও সংগঠন নেই। এর আগে এমন কোনও সংগঠনের অস্তিত্ব বোঝা যায়নি। শুরু থেকে বলা হচ্ছে, এই আন্দোলন অরাজনৈতিক। অথচ এদের নামে যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে পরিষ্কার কে বা কারা নেপথ্যে রয়েছে।

সুপ্রতীম সরকার বলেন, শুরু থেকে এটা ছাত্র আন্দোলন বলে চালানো হচ্ছে। অথচ সেদিন ইউজিসি নেটের পরীক্ষা আছে। সেই দিনে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর, যারা আন্দোলনের ডাক দিয়েছে তাদের মধ্যে একজন শহরের পাঁচতারা হোটেলে রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই সাক্ষাৎ নিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করছি।

পুলিশের তরফে সাফ জানানো হয়, সাধারণ মানুষ যাতে এই অভিযান থেকে দূরে থাকেন।

পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।সাধারণ মানুষকে এই অভিযান থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। নবান্নের নিরাপত্তা বাড়ানো হয়েছে।