“ওরা বলছে বডি চাই,”- নবান্ন অভিযানের পেছনে ‘গভীর ষড়যন্ত্র’-র দাবি করলো তৃণমূল

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এই অভিযানের মূল কারণ হিসেবে আরজি কর মামলার বিচারের দাবি উঠেছে। তবে, তৃণমূল কংগ্রেস এই অভিযানকে রাজনৈतिक উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে। তাদের দাবি, বিজেপি এবং আরএসএস এই অভিযানের পেছনে সক্রিয়ভাবে জড়িত এবং তারা বাংলাকে অস্থির করার চেষ্টা করছে। তৃণমূল নেতারা দাবি করেছেন যে, এই অভিযানে বাইরে থেকে লোক আনা হতে পারে এবং এমনকী, পুলিশের পোশাক পরিয়েও অনুপ্রবেশ করার চেষ্টা হতে পারে।

সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘একটা বড় চক্রান্ত চলছে আগামীকালের মিছিলকে কেন্দ্র করে। শকুনের রাজনীতি করছে বিজেপি। ওরা বলছে বডি চাই।’

তৃণমূলের দাবি, এই অভিযানের পেছনে আরএসএস সহ বিভিন্ন সংগঠনের হাত রয়েছে। গুলি চালানোর জন্য প্ররোচনা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। কাউকে প্ররোচনায় পা না দেওয়ার ব্যাপারে আবেদন জানানো হয় তৃণমূলের তরফে।

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান, নতুন করে একটি সংগঠন ছাত্র সমাজ নাম দিয়ে এই অভিযানের ডাক দিয়েছে। কয়েকজন ছাত্রকে সামনে রেখে বিজেপি, আরএসএস এই অভিযানের পেছনে সহযোগিতা করছে।

কুণাল বলেন, ‘আপনারা যদি বলেন জাস্টিস ফর আরজি কর, তাহলে আমাদেরও একই স্বর। কিন্তু, যদি বলেন রিজাইন মমতা, তাহলে আমরা বলব, ময়দানে বুঝে নেবে জনতা।’