“ভিনগ্রহীদের কাছে আমরা মনে হয় কেঁচোর মতোই নগণ্য”- জানালেন ইসরো প্রধান

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একাধিকবার পেশ হওয়া রিপোর্টগুলো এলিয়েন্স এবং উড়ন্ত চাকতি (UFO) নিয়ে আমাদের কৌতূহল আরও বাড়িয়েছে। এই পরিপ্রেক্ষিতে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর চেয়ারম্যান এস সোমনাথের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তিনি আসলে কী বলেছেন, সেদিকে আমরা একবার নজর দেই।
ইসরো চেয়ারম্যান এস সোমনাথের মতে, মহাবিশ্বের বিশালতা বিবেচনা করে ভিনগ্রহীদের অস্তিত্ব থাকার সম্ভাবনা খুবই বেশি। তিনি মনে করেন, আমরা হয়তো মহাবিশ্বে একা নই। তবে, তিনি এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
সোমনাথের এই মন্তব্য এত আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার কারণ হল, তিনি ভারতের সবচেয়ে প্রভাবশালী মহাকাশ সংস্থার প্রধান। তার এই মন্তব্য ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে চলমান বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে।
রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে একটি পডকাস্টে ইসরো-প্রধানকে বলতে শোনা গিয়েছে, ‘এলিয়েন্স নিয়ে আগ্রহ সব সময়েই রয়েছে। আমরা মনে করি, ভিন্গ্রহীরা হয় আমাদের থেকে বেশি বুদ্ধিমান, নয়তো কম বুদ্ধিমান। আসলে আমরা নিজেদের সবচেয়ে উন্নত প্রাণী বলে মনে করি। কিন্তু ১০০ বছর আগের কথা ভাবুন তো, ক্যামেরা-মাইক্রোফোন— এ সবের কথা আমরা ভাবতেই পারতাম না।’
তাঁর সংযোজন, ‘ঠিক তেমনই ভাবুন, এক হাজার বছর এগিয়ে একটা সভ্যতা। প্রযুক্তিগত ভাবে অনেক এগিয়ে থাকা একটা সভ্যতা। ভিন্গ্রহীদের জীবন তো এমন হতেই পারে।’ ইসরো-প্রধানের মতে, বিশ্বব্রহ্মাণ্ডে ইতিমধ্যেই হয়তো এতটা অ্যাডভান্সড একটা ভিন্গ্রহীদের দুনিয়া রয়েছে, আর তারা যে ভাবে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে, সেই প্রযুক্তির কথা পৃথিবীর মানুষ হয়তো ভাবতেই পারবে না।’
সোমনাথের কথায়, ‘ওদের কাছে আমাদের অস্তিত্ব হয়তো কেঁচোর মতোই নগণ্য! আমি সব সময়ই এটা বিশ্বাস করি, আমাদের আশেপাশে ভিন্গ্রহীরা রয়েছে এবং তারা আমাদের থেকে অনেক উন্নত।’