পড়ুয়াদের উপর যৌন হেনস্থা নিয়ে নির্দেশিকা কেন্দ্র ও রাজ্যের, জেনেনিন কী কী রয়েছে?

আরজি হাসপাতালের মর্মান্তিক ঘটনার জেরে যখন সমাজ এখনও স্তম্ভিত, তখন মহারাষ্ট্রের বদলাপুর থেকে আসা স্কুলছাত্রী হেনস্থার খবর যেন আগুনে ঘি ঢেলে দিল। এই ঘটনায় মারাঠা প্রদেশ উত্তাল। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র ও রাজ্য সরকার স্কুলগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
গত ২৩ আগস্ট রাজ্যের স্কুল শিক্ষা কমিশনার সব বিদ্যালয় পরিদর্শকদের একটি নির্দেশিকা পাঠিয়েছেন। এই নির্দেশিকায় ২০০৯ সালের শিক্ষার অধিকার আইনের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কোনও ছাত্রছাত্রীকে শারীরিকভাবে আঘাত করা, শাস্তি দেওয়ার নামে মারধর করা বা মানসিকভাবে নির্যাতন করা একেবারেই নিষিদ্ধ। এমনকী কোনও রাজনৈতিক কর্মসূচিতে ছাত্রছাত্রীদের জড়িত করাও যাবে না।
একসময় স্কুলে শারীরিক শাস্তি এতটাই প্রচলিত ছিল যে কেন্দ্রীয় আইন করে তা নিষিদ্ধ করতে হয়েছিল। কিন্তু এরপরও অনেক স্কুলে মারধর বা মানসিক নির্যাতনের ঘটনা ঘটতে থাকে। এই পরিস্থিতিতে বদলাপুরের ঘটনা আরও একবার স্কুলগুলিতে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
স্কুল পড়ুয়াদের উপর কোনও রকম নির্যাতন বা হেনস্থার খবর এলে জিরো টলারেন্স নীতি নিয়ে তা দেখতে হবে। স্কুলে আরও বেশি করে ‘গুড টাচ, ব্যাড টাচ’-এর উপর কর্মশালা আয়োজন করতে হবে।