“মৃতদেহ সৎকারের এত তাড়া কেন ছিল?”- R.G Kar-মামলায় প্রশ্ন সুপ্রিমকোর্টের

গতকাল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকার এবং পুলিশের ওপর একের পর এক প্রশ্ন উঠেছে। রাজ্যের পক্ষে সওয়াল করতে গিয়ে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল কিছুটা বিপাকে পড়েন। তবে পরে সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশিকা আসার পর রাজ্য সরকার দাবি করে যে, আদালত তাদের যুক্তিতে সন্তুষ্ট।
এদিকে, এই মামলার ঘটনাপ্রবাহ নিয়ে প্রাক্তন বিচারপতি মদন লকুর গুরুতর প্রশ্ন তুলেছেন। তিনি এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “মৃতদেহ সৎকারের এত তাড়া কেন ছিল?” তিনি আরও বলেন, “তদন্তে এর প্রভাব পড়ত কি পড়ত না, তা পরের কথা। তবে অনেক সময়ই তো মৃতদেহ সংরক্ষণ করা হয়। এই ক্ষেত্রে এত তাড়াহুড়ো কেন হল? এভাবে দেহ সৎকার করা ভুল হয়েছিল।”
সুপ্রিম কোর্টও পুলিশি পদক্ষেপ এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে বারংবার প্রশ্ন তুলেছে। বিচারপতি জে পারদিওয়ালা এই মামলায় পুলিশি ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, “আপনার রাজ্যে যে পদ্ধতি অনুসরণ করেছে তেমনটা আমি আমার ৩০ বছরের কর্মজীবনে দেখিনি…”
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে মৃতদেহ দাহ করার পরে রাত ১১টা ৪৫ মিনিটে এফআইআর করা হয়েছিল। এর আগে মৃত চিকিৎসকের সহকর্মী এবং সিনিয়ররা গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফির দাবি জানিয়েছিলেন।
সুপ্রিম কোর্টের শুনানির পর রাজ্য সরকারের দাবি:
শুনানির পর রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, সুপ্রিম কোর্ট তদন্ত নথিভুক্তিতে পুলিশের ভূমিকা নিয়ে রাজ্য সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট। কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই তথ্য জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘তদন্ত নথিভুক্তিতে পুলিশের ভূমিকায় টাইম লাইন নিয়ে যে অভিযোগ করা হচ্ছিল, যা নিয়ে শার্লক হোমসরা যে উত্তেজনা ছড়াচ্ছিলেন; রাজ্য সরকারের তরফে তার নথিসহ ব্যাখ্যায় সুপ্রিম কোর্ট সন্তুষ্ট। এনিয়ে বিভ্রান্তি ছড়ানোর আর কোনও অবকাশ নেই।’