TET প্রশ্ন ভুল মামলা: এবার মামলা নিয়ে বিশেষ নির্দেশ দিলো হাইকোর্ট

২০১৭ ও ২০২২ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে উঠেছে নতুন বিতর্ক। হাইকোর্ট এবার তিন সদস্যের বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।

২০১৪ সালের টেট পরীক্ষার পর ২০১৭ এবং ২০২২ সালের পরীক্ষায়ও প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ উঠেছিল। এই মামলায় পরীক্ষার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। প্রথমে সিঙ্গল বেঞ্চ দুটি বিশ্ববিদ্যালয়কে দিয়ে কমিটি গঠনের নির্দেশ দিলেও, প্রাথমিক শিক্ষা পর্ষদ তা চ্যালেঞ্জ করে।

শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তিন সদস্যের বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এই কমিটিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে বিশেষজ্ঞ থাকবেন। এই কমিটি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নিয়ে প্রশ্নপত্র খতিয়ে দেখবে এবং প্রশ্নগুলো সঠিক ছিল কিনা তা নির্ধারণ করবে।

পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, “২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে যতগুলি টেট পরীক্ষা হয়েছে, সবগুলিতে প্রশ্ন ভুলের অভিযোগ উঠেছে। এই ধরনের অভিযোগ পরীক্ষার্থীদের মনোবল ভাঙছে।”