“আমি পলাতক নই”,-বেতন না পাওয়া কর্মীদের বার্তা দিলেন বাইজুর প্রধান

বাইজু’সের কর্মীদের বেতন প্রদানে দেরি হওয়ার বিষয়ে সংস্থার প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন জানিয়েছেন যে, সংস্থার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেলেই তিনি তাদের বেতন দেবেন। তিনি দাবি করেছেন যে, বিদেশি ঋণদাতাদের আইনি লড়াই এবং সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের কারণে এই বিলম্ব হয়েছে। রবীন্দ্রন আরও জানিয়েছেন যে, তিনি এবং অন্যান্য প্রতিষ্ঠাতারা সংস্থায় ব্যক্তিগতভাবে বড় অংকের অর্থ বিনিয়োগ করেছেন এবং সংস্থা অচিরেই ঘুরে দাঁড়াবে।

তিনি বলেন, ‘এটা নিছক প্রতিশ্রুতি নয়— এটা দায়বদ্ধতা। আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য লগ্নিকারীরা সাহায্য করতে তৈরি।’ তাঁর সংযোজন, ‘আমি পলাতক নই। আমার গতিবিধি ও কার্যকলাপের ব্যাপারে আমি সব সময় স্বচ্ছতা বজায় রেখেছি।’

রবীন্দ্রন কর্মীদের পাঠানো ই-মেলে লিখেছেন, ‘আমরা মামলা মেটাতে পেরেছি এবং এনসিএলএটি আমাদের পক্ষে রায় দেওয়ার পরে আমরা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে চলেছি। গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বিরুদ্ধে বহু অভিযোগ আনা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে আমরা পলাতক।’

কর্মীদের তিনি বলেছেন, ‘বিদেশি ঋণদাতারা আমাদের বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছে এবং তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছে। এনসিএলএটি-র রায়ের উপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে সংস্থার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ আমরা এখনও পুনরুদ্ধার করতে পারিনি।’

তাঁর বক্তব্য, ‘গত দু’বছরে বেতন দিতে মোট ৩,৯৭৬ কোটি টাকা খরচ হয়েছে, যার মধ্যে রিজু রবীন্দ্রন ব্যক্তিগত ভাবে ১,৬০০ কোটি টাকা পুঁজি বাবদ দিয়েছেন।’